নিজস্ব সংবাদদাতা:
অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথিতেও অনেক সময় রোগ সারানো যায় না। পাশপাশি বহু জটিল রোগ সারাতে অনেক সময় লেগে যায়। এমত অবস্থায় কম খরচে এবং দ্রুত রোগ সারাতে ‘যোগ এবং প্রাকৃতিক চিকিৎসার’ প্রসারের ওপর জোর দিচ্ছে ভারত সরকার। এবার সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিল দেশের অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ।
সংঘের উদ্যোগে ইতিমধ্যে কলকাতার সন্তোষপুরে প্রণবানন্দ যোগ ও নেচারোথেরাপি ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। খুব দ্রুত দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের সিদ্ধিবেড়িযায় একটি ‘যোগ এবং নেচারোথেরাপি হাসপাতাল ও ডিগ্রি কলেজ’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। অখিল ভারতীয় প্রাকৃতিক চিকিৎসা পরিষদের উদ্যোগে তিন দিনের ৩৭তম জাতীয় সভা অনুষ্ঠিত হল বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের সভাগৃহে। সেখানেই স্বামী বিশ্বাত্মানন্দ বলেন, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসার প্রসারে কলকাতার বালিগঞ্জে ইতিমধ্যেই একটি এক বছরের ট্রেনিং কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি সংঘের গ্রামীণ শাখা কেন্দ্রগুলিতেও এই চিকিৎসার প্রসার ঘটাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
অখিল ভারতীয় প্রাকৃতিক চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক শংকর কুমার সান্যাল বলেন, এই পরিষদ যোগ এবং প্রাকৃতিক চিকিৎসার প্রসারে বহুদিন ধরেই কাজ করে আসছে। আরও বেশি করে সাধারণ মানুষের মধ্যে যাতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য সর্বতোভাবে প্রচেষ্ট চলবে। সংস্থার সাধারণ সম্পাদক ডক্টর এনপি সিং বলেন, এই চিকিৎসা ব্যবস্থার প্রসার হলে একদিকে যেমন সাধারণ মানুষ কম পয়সায় দ্রুত আরোগ্য লাভ করতে পারবে, তেমনি পরিষেবা দেওয়ার জন্য কর্মসংস্থান বৃদ্ধি হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যোগ ও নেচারোথেরাপি কাউন্সিলের সদস্য উজ্জল কুমার ঘোষ ও প্রণবানন্দ যোগ ও নেচারোথেরাপি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক পীযূষ চ্যাটার্জী প্রমূখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news