নিজস্ব প্রতিনিধি।
প্রতিবছর জম্মুর এই চকে স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা ওড়ানো হয়। এই বার শহরের বহু পুরনো ঐতিহ্যমণ্ডিত এই চকের নাম ‘সিটি চক’ থেকে পাল্টে করা হল ‘ভারত মাতা চক’। জম্মু মিউনিসিপাল কর্পোরেশন- এর উদ্যোগে চকের নাম পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেএমসি-র বিজেপি নেত্রী এবং ডেপুটি মেয়র পূর্ণিমা শর্মা জানান, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের দাবি ছিল চকের নাম পাল্টে ভারত মাতা চক রাখার। সেই মত জম্মু পুরসভায় মাস চারেক আগে একটি প্রস্তাব পাস করা হয়।
পূর্ণিমা শর্মা জানান মানুষের দীর্ঘদিনের দাবি তাঁরা পূরণ করতে পেরেছেন। এতে তাঁরা খুশি। নতুন নামের এই বোর্ড সবার চোখে পড়ার জন্য টাঙিয়ে দেওয়া হয়েছে ব্যস্ত শহরের চার মাথার মোড়ে। রঘুনাথ মন্দির, কণক মাণ্ডি, শালিমার এবং সুপার মার্কেটের রাস্তা এখান থেকেই গিয়েছে। চকের নাম পালটানোয় অবশ্য মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কেউ কেউ স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্ত। কেউ আবার শহরের বহু পুরনো চকের নাম পালটানোয় ক্ষুব্ধ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news