Breaking News
Home / TRENDING / সঙ্ঘ তাহলে সাম্প্রদায়িক নয়! ভুল ভাঙালেন ভাগবত

সঙ্ঘ তাহলে সাম্প্রদায়িক নয়! ভুল ভাঙালেন ভাগবত

কিশোর ঘোষ  :  

মোহন ভাগবৎ বহুত্ববাদের কথা বললেন!
যদিও গতকাল প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্য নিয়েই গোটা দেশের আগ্রহ ছিল। একটা কী বলেন কী বলেন পরিস্থিতি! অতএব, কজন আর শুনলেন ভাগবতকে! যাই হোক, সেটা বড় কথা না, আসল কথা হল, বৃহস্পতিবার ভাগবৎ চমকে দিলেন আমার মতো এ দেশের বহু নাগরিককে। কেন? কীভাবে? কারণ যা শুনব ভেবে ছিলাম ওঁর মুখ থেকে, তা তো বললেন না উনি! কী বললেন তাহলে?
প্রণবের আগে মঞ্চে দাঁড়িয়ে ভাগবৎ বললেন, বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা! রবীন্দ্রনাথ যেমনটা বলেছিলেন, ‘শক-হুন-দল পাঠান-মোগল এক দেহে হল লীন।’
প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো, যে ব্যক্তিগত ভাবে আমি কখনও ভাগবতের বক্তৃতা শুনিনি। শোনার আগ্রহও বোধ করিনি। আমি এক অতি সামান্য সাহিত্যকর্মী। ভালোবেসে সাধ্য মতো কবিতা, গল্প লিখি। স্বভাবতই আমার অন্য জুনিয়ার সিনিয়ার লেখক-কবি বন্ধুদের মতো ‘সবার উপরে মানুষ সত্য’কে বিশ্বাস করি পাগলের মতো। ফলে যে কোনও ধরনের মৌলবাদের কথা শুনলেই জিভে থুতু চলকে ওঠে, নাকে বদ গন্ধ পাই। এবং পরিত্রাণ খুঁজি। সেই মতো আরএসএস সংগঠনটি সম্পর্কে এতদিন অবধি যা জানতাম ভাসা ভাসা তাতে করে তাঁদেরকে মোটেই পছন্দ হয়নি আমার। কিন্তু গতকাল মোহন ভাগবৎ যা বললেন তা কী স্বপ্ন ছিল তাহলে!
নাগপুরে বার্ষিক সমাবর্তনের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ভাগবৎ বললেন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কেবলমাত্র হিন্দুদের সেবক না, সাধ্য মতো গোটা ভারতীয় সমাজের সেবার দায়িত্ব নিতে তৈরি তাঁরা।’ বললেন, ‘যার ভারতে জন্ম, সেই ভারতপুত্র।’ ভদ্রলোকের তৎসম সমৃদ্ধ ভাষার নিজস্ব কায়দার বক্তৃতা টানা শোনার কোনও ইচ্ছে ছিল না আমার। কিন্তু টিভি বন্ধ করতে পারলাম না! কারণ মহাপরিচালক এরপর বললেন, ‘বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতীয় সংস্কৃতি। ভেদাভেদ নয়।’ বললেন, ‘আমাদের ভাষার বিবিধতা আছে, রাজনৈতিক বিবিধতা আছে, আচারের নিজস্বতা আছে। কিন্তু সবাই ভারতমাতার সন্তান! প্রত্যেকের ভাবনাকে সম্মান করতে হবে। তৈরি করতে হবে অন্তর্নিহিত একতার সংস্কৃতি।’ আরও মনে করালেন, ‘বিবিধতাই সৌন্দর্য। তাতেই সমৃদ্ধি আসে। মত পার্থক্য থাকতেই পারে তবু অন্যের বিচারকে সম্মান করতে হবে।’ ভারতখ্যাত বর্ষীয়ান নেতা এক-একটা বাক্য সম্পূর্ণ করছিলেন আর চমকে চমকে উঠছিলাম আমি। আরএসএসের বর্তমান সর্বেসর্বা বললেন, ‘যখন একটি দেশের সমস্ত নাগরিক ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করে তখনই বদলায় দেশ।’
ফের বলতে হয়, গতকাল গোটা দেশ প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে পড়েছিল। কিন্তু আমার মতে নেপথ্য নায়ক মোহন ভাগবৎ। আরএসএস সম্পর্কে আমরা অনেকেই যা ভাবি, ভেবে আসছি বহুদিন ধরে তার অধিকাংশটাই যে ভুল, অন্যের মুখে ঝাল খেয়ে যে লাভ নেই সংঘের মহাপরিচালক তা প্রমাণ করে দিলেন। তিনি বহুত্ববাদের কথা বললেন!
কে জানে স্বপ্ন না সত্যি!

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *