নিজস্ব প্রতিনিধি: বাসন্তীতে পুলিশকে মারধোর করে বুথ দখল করলো দুষ্কৃতিরা। অভিযোগ দুষ্কৃতিরা তৃণমূল আশ্রিত। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের ঘটনা। ঘটনায় গুরুতর জখম তিন পুলিশকর্মী। লাঠি, রড ও ধারাল অস্ত্র দিয়ে মারধোর করা হয়েছে তাদের। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
মহেশপুরের ১৮৩ নম্বর বুথে ভোটের ডিউটি করছিলেন এসআই জয়ন্ত নস্কর ও দুই সিভিক ভলেন্টেয়ার সঞ্জীব সাউ ও মনিরুল সরদার। সোমবার সকাল থেকেই বুথে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছিল। কিন্তু দুপুর একটা নাগাদ এই বুথে আচমকা একদল সশস্ত্র দুষ্কৃতি এসে হামলা করে। পুলিশ কর্মীদের বেধড়ক মারধোর শুরু করে তারা। ঘটনায় মাথা ফেটে গুরুতর জখম হন পুলিশ কর্মী জয়ন্ত নস্কর। তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুই সিভিক ভলেন্টেয়ার জখম হন। আহত অবস্থায় পুলিশকর্মীদের বুথের বাইরে বের করে দিয়ে ওই বুথে ব্যাপক ছাপ্পা ভোট মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news