নিজস্ব সংবাদদাতা।
নজিরবিহীন সিদ্ধান্ত নিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Viswabharati University) কতৃপক্ষ। এবছর থেকে আর দোলযাত্রার দিনে বসন্ত উৎসব হবে না বিশ্বভারতীতে। সোমবার বিশ্বভারতী সূত্রে এমনটাই জানা গিয়েছে। সঙ্গে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বসন্ত উৎসব হবে দোলের অনেক পরে। সেই উৎসবে সামিল হতে পারবেন না কোনও বহিরাগত পর্যটক। শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যাপক-অধ্যাপিকারাই অংশ নিতে পারবেন ওই বসন্ত উৎসবে।
কিন্তু, কেন এমন সিদ্ধান্ত ? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের কথায়, পৌষ মেলা নিয়ে তাদের একাধিক ঝুঁকি পোয়াতে হয়েছে। পৌষ মেলার পাশাপাশি বসন্ত উৎসব নিয়ে নতুন করে ঝামেলায় জড়াতে নারাজ তারা। তাই আগেভাগেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিশ্বভারতীর কর্তা ব্যক্তিরা। এবছর দোলযাত্রা ৯ মার্চ। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন বসন্ত উৎসব হচ্ছে না। ১৯ ফেব্রুয়ারি ঘরোয়া ভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষাকর্মী ও আশ্রমিকদের নিয়ে হবে বসন্ত উৎসব। দোলের প্রায় ২০ দিন আগে।
বসন্ত উৎসবের দিনবদল ও তাতে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের পর নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা বলেছেন, বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে দোলের সময় ব্যাপকভাবে মার খাবে শান্তিনিকেতনের হোটেল ব্যবসা। যা নিয়ে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হোটেল মালিকদের মধ্যে।
প্রশ্ন উঠেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বসন্ত উৎসবের ঐতিহ্য নিয়েও। তাছাড়া বসন্ত উৎসব ঘিরে বাঙালিদের আবেগের কথাও বিশ্বভারতী কতৃপক্ষের অজানা নয়। তা সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত? তা নিয়ে ধন্দে খোদ বোলপুরবাসী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news