সূর্য সরকার।
মাঝেরহাটের পর উল্টোডাঙার ক্ষেত্রেও সরকারের ভরসা সেই বেইলি ব্রিজ। বৃহস্পতিবার সল্টলেকের নগরোন্নয়ন দফতর সূত্রে বেইলী ব্রীজটি তৈরি করার কথা জানানো হয়েছে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে এই বেইলী ব্রীজটি তৈরি করতে দেওয়া হবে। চটজলদি ‘বেইলি ব্রিজ’ তৈরির ক্ষেত্রে এই সংস্থার সুনাম রয়েছে। সূত্রের খবর, ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উল্টোডাঙায় বেইলি ব্রিজ করার জন্য। দিন সাতেকের মধ্যে ব্রীজ তৈরির কাজ শেষ হবে। ব্রীজের দৈর্ঘ্য হবে ১৩০ ফুট। ব্রীজের জন্য প্রয়োজনীয় সিভিল কন্সট্রাকশনের কাজ করবে ম্যাকিনটস বার্ন।
উল্টোডাঙা উড়ালপুলে ফাটলের পর কয়েকদিন দুটি লেনই বন্ধ করে দিয়েছিল পূর্ত দফতর। তারপর বিমানবন্দরগামী লেনটি চালু হলেও বন্ধ রয়েছে বাইপাসগামী লেন। সংস্কারে লেগে যাবে প্রায় দু’মাসের বেশি সময়। তাই সেই চাপ সামাল দিতেই ভিআইপি রোড থেকে কেষ্টপুর খালের উপর ‘বেইলি ব্রিজ’ তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের। তবে ঠিক কোন জায়গায় ব্রিজটি হবে তা অবশ্য স্পষ্ট নয়। নগরোন্নয়ন দফতর সূত্রের প্রাথমিক ইঙ্গিত, লেকটাউন ও উল্টোডাঙার মাঝে দক্ষিণদাড়ি-গোলাঘাটা বাসস্টপের কাছ থেকে ব্রিজটি উঠে খাল পেরিয়ে সল্টলেকে পড়বে।
বেইলি ব্রিজ থেকে যানজট কতটা কাটানো যাবে, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণ মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর তড়িঘড়ি নিউ আলিপুর এলাকায় রেলের সঙ্গে কথা বলে বেইলি ব্রীজ নির্মাণ করা হয়। তাতে নিউ আলিপুর এলাকার উচ্চবিত্ত শ্রেণীর যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হলেও, গরীব জনতার ভোগান্তি একচুলও কমেনি। তাই উল্টোডাঙার ক্ষেত্রে মাঝেরহাটের ব্যর্থ ওষুধ কতটা কাজ করবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news