চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম (Zoom)। আজ সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে নিখরচায় সমস্ত ব্যবহারকারীই এন্ডু-টু-এন্ড এনক্রিপশন (End-to-End Encryption) পরিষেবা পাবেন। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
গত মাসে সংস্থাটি জানিয়েছিল শুধুমাত্র যারা অর্থ প্রদান করবে, তারাই শুধুমাত্র এন্ড-টু-এন্ড এনক্রিপশন পাবেন। তবে অনেকে মনে করছেন চাপের মুখে নতিস্বীকার করেছে সংস্থাটি। কারণ এর আগে বিশ্বের একাধিক দেশ থেকে এই অ্যাপ ব্যবহার করে গোপনীয়তা বিঘ্নিত হয়েছে বলে খবর পাওয়া যায়। পরে মার্কিন এই সংস্থাটি ওই ত্রুটির কথা স্বীকারও করেছে। আজ সংস্থার সিইও এরিক ইউয়ান একটি ব্লগ পোস্ট করে জানান, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের সমস্ত ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা সুনিশ্চিত করতে পেরেছি। আমরা ব্যবহারকারীদের বিনামূল্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে এই অ্যাপের অপব্যবহার না হয়।”
প্রসঙ্গত, জনপ্রিয় এই ভিডিও কনফারেন্সিং অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে বলে একাধিকবার অভিযোগ উঠেছে। যে সকল ব্যবহারকারী অর্থের বিনিময়ে ব্যবহার করত তাঁদের তৃতীয় ব্যক্তি ভিডিও কল ডিকোড করতে পারত না। কিন্তু যাঁরা বিনামূল্যে ব্যবহার করত তাঁদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনও পদ্ধতি ছিল না। ফলে যে কেউ অংশগ্রহণ করতে পারত। কিন্তু এবার প্রধান ব্যবহারকারীকে (Admin) একটি সুইচ দেওয়া হবে। যার মাধ্যমে তিনি যেকোনও কল চালু ও বন্ধ করতে পারবেন তিনি। এমনকি পুরনো কনফারেন্সেরও কোনও কল জুড়তে পারবেন। নতুন এই ব্যবস্থাটি জুলাই থেকে চালু হবে বলে জানিয়েছে জুম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news