চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এখনও সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেননি বাবুল সুপ্রিয়। শুক্রবার টুইটারে খোলসা করলেন নিজেই। এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে বাবুল তুলে দিয়েছেন লোকসভার স্পিকারকে তাঁর পাঠানো চিঠির প্রতিলিপি। যা আসানসোলের সংসদ সদস্য সাক্ষাতের সময় চেয়ে পাঠিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘মাননীয় স্পিকারের উচ্চ কার্যালয়ে আমি সাক্ষাতের সময় চেয়ে আমার চিঠি পাঠাই। শ্রদ্বেয় স্যারের কার্যালয় থেকে সেই চিঠির একটি প্রাপ্তিস্বীকারও করা হয়েছে। আবারও একই অনুরোধ জানাচ্ছি। সাংসদ সৌগত রায়ও এই মর্মে একটি চিঠি দিয়েছেন।’
https://t.co/uSYBXZNUKo pic.twitter.com/X3zBKfFgpc
— Babul Supriyo (@SuPriyoBabul) October 1, 2021
লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো চিঠিটি টুইটারে তুলে দিয়ে বাবুল সুপ্রিয় স্পষ্ট করে দিয়েছেন যে, স্পিকারের তরফে সময় মেলেনি বলেই এখনও সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেননি তিনি। সবাইকে চমকে দিয়েই সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল সূত্রে খবর, সাংসদ পদে ইস্তফা দিয়ে রাজ্য মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি ছেড়ে তিনি সাংসদ পদে আঁকড়ে ধরে থাকবেন না। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছেন সাক্ষাতের। তা পেলেই তিনি ইস্তফা দেবেন সাংসদ পদ থেকে। কিন্তু স্পিকার সময় না দেওয়ায় বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news