চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আনলক ওয়ানের শুরুতে সোশ্যাল ডিস্ট্যান্স শিকেয় তুলে দিতে চলেছে শহর কলকাতা। আর দু’জন নয়, এবার থেকে চারজন যাত্রী নিয়েই ছুটতে পারবে অটো, টাক্সি, ক্যাব। যাত্রী ভোগান্তি কমাতে আনলক ওয়ানে নতুন নির্দেশিকা জারি করল পরিবহন দফতরের (Transport Department)। নির্দেশিকায় ট্যাক্সি-অটোর কথা উল্লেখ না করলেও সেখানে জানানো হয়েছে, যে কোনও যানবাহনে যতজনের সিট ততজনই বসতে পারবে। সেই হিসাবে অটো ও ট্যাক্সিতে চারযাত্রীরই বসার কথা। তবে চারের বদলে পাঁচজন যাত্রী নিয়েই চলতে অভ্যস্ত পশ্চিমবঙ্গে চলাচল করা অটো ট্যাক্সিগুলি।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যতগুলি সিট ততজন যাত্রী বসতে পারবেন বাসে। তখনই অটো চালকরা বলেছিলেন, বাসে যদি বসা যায় তবে অটোতে কেন নয়! তারপরই রাজ্য পরিবহন দপ্তরের এই নির্দেশিকা। এর ফলে আগের ভাড়াতেই এবার যাত্রী নিতে হবে অটো এবং ট্যাক্সি চালকদের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বেসরকারি বাস চালু নিয়ে। মঙ্গলবার পরিবহন ভবনে এই সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসেছিলেন দু’পক্ষই। বৈঠক শেষে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দাবি দাওয়ার কথা পরিবহন দপ্তরের কর্তারা শুনেছেন। আমরা আলোচনা করে দেখছি কবে থেকে বাস নামানো যায়!” এদিন ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সরকারের অনমনীয় মনোভাব দেখে ভাড়ার কথা বিশেষ বলতে শোনা যায়নি বাস মালিকদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news