নিজস্ব সংবাদদাতা
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতালে বিকেল ৫.৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। গত ২৪ ঘন্টায় বাজপেয়ীর স্বাস্থ্যে উল্লেখজনক অবনতি হয়েছিল বলে বুধবার রাতেই জানিয়েছিল এইমস কর্তৃপক্ষ। খবর পেয়ে বুধবারই বাজপেয়ীকে দেখতে যান নরেন্দ্র মোদি। এরপরই অশুভ আশঙ্কায় থম মেরে গিয়েছিল রাজধানী। রাত থেকেই এইমসের বাইরে সমর্থকেরা ভিড় জমাতে থাকেন। বৃহস্পতিবার আবারও বাজপেয়ীকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সকাল থেকেই এইমসের বাইরের ছোট দোকানগুলিকে সরিয়ে দেয় প্রশাসন। এইমস চত্ত্বরে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এইমসে আসেন বাজপেয়ীর স্বাস্থ্যের খবর নিতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ১৮-১৯ তারিখের বিজেপির কার্যকারিনীর বৈঠক স্থগিত করার ঘোষণা করেন। প্রসঙ্গত, গত তিন মাস ধরে মূত্রাশয়ে ও ফুশফুশের সংক্রমণের জেরে এইমসে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news