চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি।দিল্লিতে চারজন রোগীর ওপর এই থেরাপি প্রয়োগ করে সাফল্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। তিনি শুক্রবার বলেন, আরও কয়েকজন রোগীর ওপর এই থেরাপি প্রয়োগ করে যদি কাজ হয় তাহলে করোনা আক্রান্তদের ওপর ব্যাপকহারে এই পদ্ধতি প্রয়োগের অনুমতি চাইবেন তাঁরা কেন্দ্রের কাছে। কেজরীবাল বলেন দিল্লির লোকনায়ক হাসপাতালে চার আক্রান্তের ওপর এই থেরাপি প্রয়োগ করে দেখা গিয়েছে তাঁরা উন্নতি করছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন প্লাজমা থেরাপি-ই যে করোনার দাওয়াই হতে পারে তা এখনও বলার সময় আসেনি। তবে এই চিকিৎসা পদ্ধতিতে আশার দিক কিছু আছে তো বটেই। প্লাজমা থেরাপিতে, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর শরীর থেকে প্লাজমা নিয়ে অন্য আক্রান্তকে দেওয়া হয়। এই রক্তে যে অ্যান্টিবডি থাকে তা অন্য রোগীকে সুস্থ হতে সাহায্য করে।যাঁদের ওপর দিল্লিতে এই থেরাপি প্রয়োগ করে কাজ পাওয়া গিয়েছে তাঁদের একজন মরণাপন্ন ছিল বলে জানিয়েছেন কেজরীবাল। তিনি বলেন এই থেরাপি তখনই করা সম্ভব যদি আক্রান্তরা সেরে উঠে অন্যদের প্লাজমা দান করেন। সংকটের সময় সেটাই দেশভক্তির পরিচয় হবে বলে মত কেজরীবালের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news