সঞ্জয় সরকার:
বাঁচলেন ভাই! বাঁচালেন দিদি! বাঁচলেন পূর্তমন্ত্রী! বাঁচালেন মুখ্যমন্ত্রী! মাঝেরহাট ব্রিজ বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীর তৈরি করা মুখ্য সচিবের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তাদের প্রাথমিক রিপোর্ট পেশ করল। সেই রিপোর্টের কথা উল্লেখ করে শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, “ব্রিজ বিপর্যয়ে পূর্ত দফতরের গাফিলতি প্রমাণিত হয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ব্রিজ ভেঙে পড়ার পর বিরোধী দলগুলো আঙ্গুল তুলেছিল পূর্ত দফতরের দিকে। মুখ্য সচিবের পেশ করা রিপোর্টে সেই অভিযোগ অবশেষে মান্যতা পেল। তবে বিরোধীরা দাবি করেছিল ব্রিজ ভাঙার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে মন্ত্রী অরূপ বিশ্বাস কে। এদিন অবশ্য ‘আদরের ভাই’-এর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন দিদি স্বয়ং। জানিয়ে দিলেন মাঝেরহাট ব্রিজ সংস্কারের কাজের জন্য ফাইল নিয়ে যে টানাপোড়েন হয়েছে সেখানে অরূপের কোনও দায় নেই। বিভাগীয় আধিকারিকরা নাকি মন্ত্রীকে অন্ধকারে রেখেই সব সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রীর এই কথাতেই পরিস্কার ভাই বাঁচলেও ফেঁসে গেলেন আধিকারিকরা। প্রশ্ন উঠছে এখানেই। কিছুদিন আগেই নবান্ন সভাঘরে, এক বৈঠকে মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরের এক আধিকারিককে বলেন, “আপনারা মন্ত্রীর কথা শুনছেন না। নিজেদের মতো কাজ করছেন। এসব চলবে না। মন্ত্রীর কথা শুনতে হবে।” তারপর এদিন আবার বিপর্যয়ের সব দায় চাপিয়ে দিলেন পূর্ত দফতরের আধিকারিকদের একাংশের দিকে। নবান্নে আমলাদের একটা অংশের মতে, যেভাবে আধিকারিকদের ঘাড়ে বন্দুক রেখে মন্ত্রীদের বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী; সেটা কতটা যুক্তিযুক্ত? এদিকে নবান্নের এক শীর্ষ আমলা এই রিপোর্টে অন্য’ ইঙ্গিত দেখতে পাচ্ছেন। তাঁর মতে, “দুই শীর্ষ আমলার ব্যক্তিগত রসায়নই প্রাধান্য পেয়েছে এই রিপোর্ট তৈরির সময়।” পূর্ত দফতরের তৎকালীন ( মাঝেরহাট ব্রীজের স্বাস্থ্য রিপোর্ট যখন দেওয়া হয়) প্রধান সচিব ইন্দিবর পান্ডের সঙ্গে বর্তমানে রাজ্য প্রশাসনের শীর্ষ আমলার সম্পর্ক আদায় কাঁচকলায়। ফলে সুযোগ পেয়ে ইন্দিবর পান্ডের দিকে অভিযোগের তির ঘুরিয়ে দিতে তাঁর সময় লাগেনি। নবান্নের ওই আমলা অবশ্য বেশ সংশয় প্রকাশ করে জানালেন, এরপর রাজ্য প্রশাসনের অন্দরে মন্ত্রী-আমলার রসায়ন ঠিক থাকবে তো! এই প্রশ্নের উত্তর আপাতত অধরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news