সূর্য সরকার।
ভাটপাড়া পৌরসভা ধরে রাখতে আসরে নামলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। শুক্রবার সকালে ভাটপাড়া পৌরসভার বিজেপি প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে যান তিনি। সঙ্গে ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার। উল্লেখ্য, দিন কয়েক আগেই ভাটপাড়া পুরসভার তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ১২ জন কাউন্সিলর আবার তৃণমূলে ফিরেছেন। এদিন দলীয় কাউন্সিলরদের সঙ্গে আলোচনার পর সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) ‘মূর্খ’ বলে কটাক্ষ করেন অর্জুন।
তিনি বলেন, “বেশ কয়েকজনকে আমি পাঠিয়েছি তৃণমূলে। তৃণমূলের ক্ষমতা থাকলে অনাস্থা এনে দেখাক।” অর্জুনের চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ব্যারাকপুরের (Barrackpur) দায়িত্বে থাকা পানিহাটি তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, “তৃণমূল অনাস্থা আনবে নাকি অর্জুন আস্থা ভোট চাইবে কোনটা হয় সেটাই দেখুন। অর্জুনের যদি নূন্যতম রাজনৈতিক জ্ঞান থাকে তাহলে ওর ভাটপাড়া পৌরসভা ছেড়ে দেওয়া উচিত।” অর্জুনের আমলে ভাটপাড়ায় সাধারন মানুষ পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান নির্মল ঘোষ। তাঁর আরও কটাক্ষ, “১৭ জন কাউন্সিলর ওর বিপক্ষে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news