নীল রায়:
লোকসভা ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। এই কেন্দ্রে তাঁর লড়াই তৃণমূলের দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এদিকে তৃণমূল ত্যাগের পরেই অর্জুন সিংহ-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে শাসক দল। প্রদেশ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার দুবার তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সম্রাটের দায়ের করা অভিযোগ প্রসঙ্গে অর্জুনের বক্তব্য, ‘শুনেছি সম্রাট নাকি আমার নামে অভিযোগ করেছেন। তবে শুধু টিটাগড় থানায় নয়, আরও কয়েকটি থানায় আমার নামে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। আসলে ওদের এখন অভিযোগ করাটাই কাজ। পাশাপাশি যারা সরকার বিরোধী কথা বলবে তাদের মিথ্যা মামলায় ফাঁসানোও আর একটা কাজ।” তিনি আরও বলেন, “আমি এসব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নই। তবে এতদিন আমি ওই দলে ছিলাম ভাবলে ঘেন্না পায়।” সম্রাটের বিরুদ্ধে অর্জুনের হুঁশিয়ারি, “সঠিক সময়ে তৃণমূল সঠিক জবাব পাবে। জবাব পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।”
অর্জুনের বিরুদ্ধে যুবনেতা সম্রাটের করা অভিযোগ প্রসঙ্গে মুখে খুলেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুনের ভাইপো তথা ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সৌরভ সিংহ-ও। তিনি বলেন, “অভিযোগ যে কেউ করতে পারে। তবে সম্রাট যে অভিযোগ করেছেন তার কোনও সারবত্তা নেই। ২৩ তারিখ ভোট গণনার পর উনি নিজের ভূল নিজে বুঝতে পারবেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news