নীল রায়:
ভাটপাড়া উপনির্বাচনে বিজেপি প্রার্থী হতে পারেন অর্জুন পুত্র পবন সিংহ! এমন খবরে চিন্তার বলিরেখা দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের কপালে। আগামী ১৯ মে ভাটপাড়ায় উপভোট। একে ভাটপাড়ার এই বাহুবলি নেতা বিদ্রোহী হয়ে বিজেপির টিকিটে তৃণমূল প্রার্থী তথা বিদায় সংসদ সদস্য দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ব্যারাকপুরে। যে কারণে ব্যারাকপুর লোকসভায় এবার কঠিন লড়াই অপেক্ষা করছে তৃণমূলের জন্য। তার ওপর অর্জুনের ছেড়ে যাওয়া আসনে তৃণমূল “প্রেস্টিজ ফাইট”-এ ময়দানে নামিয়েছে প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্রকে। কিন্তু এক্ষেত্রে অর্জুন নিজের ছেড়ে যাওয়া আসনে বিজেপি নেতৃত্বের কাছে তাঁর পুত্র পবন সিংহকে প্রার্থী করার আবেদন জানিয়েছেন বলে খবর। যা খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাবে বলেই মনে করছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীরা। পবন সিংহ প্রার্থী হলে আখেরে যে অর্জুনই মদনের প্রতিদ্বন্দ্বী হবেন, তা এক বাক্যে মেনে নিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এতসব চিন্তা করেই বিধানসভার উপনির্বাচন হলেও ভাটপাড়ায় প্রচারে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে মদনের নাম শোনামাত্র হুংকার ছেড়েছেন অর্জুন। জানিয়েছেন, মদন মিত্রর জামানত বাজেয়াপ্ত করেই তিনি ক্ষান্ত হবেন। মুখে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক ভাটপাড়ায় তৃণমূলের নিশ্চিত জয়ের কথা বলছেন বটে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরা ভালো করেই জানেন পুত্র সামনে থাকলেও মেঘের আড়াল থেকে লড়বেন “মেঘনাদ” অর্জুন। সেই সঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত করবেন বিজেপি নেতা মুকুল রায়। আগামী ২৯ এপ্রিল ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তৃণমূল নেতৃত্বের আশঙ্কা ওইদিনই সভা মঞ্চ থেকে অর্জুন পুত্র পবনকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে যাবেন প্রধানমন্ত্রী। যা মদনের লড়াই আরও কঠিন করে দেবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news