চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ওড়িশার জেলে মারা গেলেন চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত আইকোর (I-Core) কর্তা অনুকূল মাইতি (Anukul Maity) । পরিবার সূত্রে খবর, রবিবার সকালেই ভুবনেশ্বর থেকে তাঁর স্ত্রী কণিকা মাইতিকে স্বামীর মৃত্যুর খবর দেওয়া হয়।ওড়িশার কারা দফতর সূত্রে খবর, জেলে থাকাকালীন বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন মধ্যবয়সী অনুকূল। বেশ কয়েকবার তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। কারা দফতর সূত্রে খবর, শনিবার রাতে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসে ভুগছিলেন তিনি।
তিনি স্বামীর সঙ্গে গ্রেফতার হয়ে জেলে থাকলেও, কয়েক মাস আগেই জামিনে মুক্তি পান কণিকা মাইতি। ২০১৭ সালে বেআইনি অর্থলগ্নি সংস্থার মাধ্যমে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই (CBI)। অনুকূল মাইতি ছাড়াও তাঁর স্ত্রী কণিকাকেও গ্রেফতার করে সিবিআই। ওড়িশার প্রতারিত লগ্নিকারীর অভিযোগের ভিত্তিতে মামলা করেছিল সিবিআই। তাই গ্রেফতারের পরে ওড়িশা নিয়ে যাওয়া হয় অনুকূলকে। তাঁকে ভুবনেশ্বরের ঝারপড়া বিশেষ কারাগারে রাখা হয়। সিবিআইয়ের আগে, রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি ২০১৫ সালে গ্রেফতার করেছিল এই চিটফান্ড সংস্থার মালিককে। সিবিআইয়ের দাবি, আইকোর বেআইনি ভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং ওড়িশা-র কয়েক লক্ষ লগ্নিকারীর কাছ থেকে প্রায় ৩০০০ হাজার কোটি টাকা তুলেছিল। গোটা টাকাই তাঁরা আত্মসাৎ করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news