চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাংলার রাজনীতির আকাশে একরাশ কালো মেঘ। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। আর তারপরেই জানা গেল বাম শিবিরেও থাবা বসিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। সিপিএম (CPM) নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু ও চিকিৎসক নেতা ফুয়াদ হালিম (Fuad Halim) কোভিডে আক্রান্ত হয়েছেন। অনাদি সাহুর কোভিড পজিটিভ কয়েকদিন আগেই ধরা পড়েছিল। তাঁর স্ত্রী আনবিকা গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত। প্রথমে কয়েকদিন উত্তর কলকাতার বাড়িতে থাকলেও সিআইটিউ-র রাজ্য সম্পাদককে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করতে হয়েছে। মেডিক্যালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর। এর মধ্যে একদিন রাতে অবস্থা গুরুতর হয় বলেও জানা গিয়েছে।
ঘটনাচক্রে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে প্রথম থেকে প্রত্যক্ষভাবে শামিল হয়েছিলেন প্রয়াত বাম নেতা হাসিম আব্দুল হালিমের পুত্র। নিজের স্বাস্থ্যের কথা না ভেবে দিনরাত চিকিৎসার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন, নামমাত্র পারিশ্রমিকে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন। টুইট করে তাঁর অসুস্থতার জানিয়েছেন স্ত্রী সাইরা হালিম। অনুরাগীদের প্রতি চিকিৎসকের স্ত্রী সাইরা হালিমের আবেদন, দ্রুত সুস্থতার জন্য যেন প্রার্থনা করেন তাঁরা। হাসপাতাল সূত্রে খবর, দু’বার করোনা পরীক্ষা করা হয়েছে চিকিৎসকের। দু’বারই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে শ্বাসকষ্ট না কমায় ফের সোয়াব টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে। চরম উদ্বেগে পরিবার।
প্রকৃত অর্থেই জনগণের ডাক্তার। নামমাত্র খরচে নিজের ক্লিনিকে ডায়লিসিসের মতো ব্যয়বহুল চিকিৎসা পরিষেবা দিয়ে গিয়েছেন ডাক্তার ফুয়াদ হালিম। বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের পুত্রের করোনা ভাইরাসের সংক্রমণে খবর চিন্তিত চিকিৎসক মহল। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দীর্ঘ লকডাউনে কোনও চিকিৎসক পাওয়া যাক বা না যাক, এক ডাকে বছর আটচল্লিশের এই ডাক্তারবাবুর সাহায্য পেয়েছেন সকলে। বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীরা। ফুয়াদ হালিম নিজে তাঁদের চিকিৎসা করেছেন, খাইয়ে দিয়েছেন ওষুধ। পেশার প্রতি ফুয়াদ হালিমের এই নিষ্ঠা সর্বজনবিদিত। তাই লকডাউনেও বিশ্রাম নয়, করোনা আবহেও কাজে ইতি নয়। বরং আরও বেশি করে চিকিৎসায় ঝাঁপিয়ে পড়েছেন।
হাসপাতাল সূত্রে খবর, এক্স রে, সিটি স্ক্যান-সহ যাবতীয় পরীক্ষানিরীক্ষা করার পর দেখা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এই অবস্থায় তাঁকে নিয়ে কিছুটা চিন্তিত চিকিৎসকরা। তবে তাঁদের আশ্বাস, আপাতত ডাক্তার ফুয়াদ হালিমের শারীরিক অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। অন্যদিকে, বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীকে (Shyamal Chakroborty) ফুসফুসে সংক্রমণের জন্য বুধবার রাতে নর্থ সিটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁকে পিয়ারলেস হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে। করোনা ভাইরাসের আক্রান্ত না হলেও, তাঁর অবস্থা সঙ্কটজনক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news