চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আমফান ঘূর্ণিঝড়ে (Amphan Cyclone Strom) বিধস্ত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কার্য থেকে শুরু করে ত্রাণ পরিষেবা দিতে চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চিঠি লেখেন। সেই চিঠিতে রাজ্য সরকারের ব্যর্থতা প্রসঙ্গে বিস্তারিত লিখেছেন বহরমপুরের সাংসদ। তিনি লিখেছেন, “রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করতে চরম ব্যর্থ, সেই কারণে আপনাকে অনুরোধ, যত শীঘ্র সম্ভব রাজ্য সরকারের সম্মতিক্রমে বিপর্যস্ত এলাকায় পর্যাপ্ত ভারতীয় সেনা নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করুন, নতুবা, আগামী দিনে গোটা রাজ্য চরম সঙ্কটের সম্মুখীন হবে।”
ব্যর্থতা প্রসঙ্গে লিখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অধীর লিখেছেন, “এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আমফান বিপর্যয় মোকাবিলায় কোনো আশানুরূপ ফল দেখা যায় নি। বিপুল অঞ্চল জলমগ্ন, এমনকি সমুদ্রের নোনা জল ঢুকে গেছে, পানীয় জলের চরম সংকট, বিভিন্ন পশুপাখির পচনশীল মরদেহ জলকে আরও দূষিত করছে।” তিনি আরও বলেছেন, “পশ্চিমবঙ্গের বিরাট অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এমনকি রাজধানী কলকাতাতেও একই অবস্থা, বিদ্যুতের অভাবে এই গ্রীষ্মের প্রখর দাবদাহে বহু মানুষের জীবন বিপন্ন, বহু অসুস্থ মানুষের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় গত সাত দিন বিদ্যুৎ পরিষেবা ব্যহত থাকায়।”
প্রসঙ্গত, আমফান ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে যথেষ্ট খামতি ছিল তা নিয়ে আগে তোপ দেগেছিলেন অধীর চৌধুরী। ঘুর্ণিঝড়ে বিধস্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়ে শেষমেষ সেনাবাহিনীর সাহায্য নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখনও কংগ্রেসের লোকসভার দলনেতা প্রশ্ন তুলেছিলেন কেন সেনাবাহিনীর সাহায্য নিতে ৭২ ঘন্টা বিলম্ব করল রাজ্য সরকার। সুন্দরবনের গ্রামাঞ্চল ছাড়াও এই কলকাতা, হাওড়া ও হুগলি জেলার বিরাট অংশ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি, পানীয় জলের সঙ্কট চরমে উঠেছে। ঝড়ে গৃহহীন হয়ে পড়া মানুষজন অসহায় অবস্থায় রয়েছেন বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে বিরোধী দলগুলি। এমতাবস্থায় অধীর চৌধুরী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করতে বলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।
যদিও, গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বসিরহাটের ঘুর্ণিঝড়ে বিধস্ত এলাকা পরিদর্শন করে ১০০০ কোটির প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু, অধীর চৌধুরীর এহেন চিঠি পেয়ে প্রধানমন্ত্রী কী প্রতিক্রিয়া দেন, সেদিকেই তাকিয়ে দুর্গত জনতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news