জয় ঘোষ।
অমিত শাহের দুর্গাপুজোর উদ্বোধনের জট কাটল। রবিবার অমিত শাহের (Amit Shah) অফিস থেকে চিঠি এসে পৌঁছাল মুরলীধর সেন লেনের দপ্তরে। অমিত শাহের দপ্তরে কলকাতা ও শহরতলির মোট ৭টি পূজোর তালিকা পাঠানো হয়েছিল। এদিন জানিয়ে দেওয়া হল বিজে ব্লকের শারদোৎসবের উদ্বোধন করবেন অমিত শাহ। রাজ্য বিজেপির (BJP) দপ্তর থেকে বিজে ব্লক পুজো কমিটিকে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।
তবে জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেই পুজোর উদ্বোধন করতে হবে। পুজো কমিটির সভাপতি উমাশঙ্কর ঘোষ দস্তিদার বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেই অমিত শাহ পুজোর উদ্বোধন করবেন।” জানা গিয়েছে, ১ অক্টোবর সন্ধ্যা ৭ টায় এই পুজোর উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্ড ছাপানো হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেই তিনি এলাকার মানুষের মন জয় করবেন বলে দাবি করেছেন রাজ্য বিজেপির নেতারা।
প্রসঙ্গত, পয়লা অক্টোবর সকালে কলকাতায় পা রাখছেন অমিত শাহ। ওই দিন দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এনআরসি সংক্রান্ত এক আলোচনা সভায় বক্তৃতা করবেন তিনি। মাঝে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করে সন্ধ্যায় সল্টলেক ডিজে ব্লকের পুজো সূচনা করবেন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news