নিজস্ব সংবাদদাতা:
ভারতীয় মুসলিমদের ভয়ের কোনও কারণ নেই, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন রাজ্যসভায় ঐতিহাসিক নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে অমিত শাহ জানান, ”সংখ্যালঘুদের চিন্তার কোনও কারণ নেই।” তিনি বলেন, ”সংখ্যালঘু নাগরিকেরা নিরাপদ।” প্রসঙ্গত, ইতিমধ্যে লোকসভায় পাশ হয়ে গিয়েছে CAB (Citizenship Amendment Bill 2019)। আজ রাজ্যসভায় যা পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা এই বিল নিয়ে দ্বিজাতি তত্ত্বের প্রশ্ন তুললেও অমিত শাহ সেই যুক্তি উড়িয়ে দেন। অভয় দিয়ে বলেন, ”মুসলিমরা এদেশের নাগরিক, তাদের ভয়ের কোনও কারণ নেই।” তিনি এও বলেন, ”বিরোধীরা যাই বলুন, নিশ্চিন্ত থাকুন, কাউকে দেশ থেকে তাড়ানো হবে না।” বলেন, ”এই বিল কোনওভাবেই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।”
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিল পেশের পর তুমুল বিরোধিতায় উষ্ণ রাজ্যসভা কক্ষ। চলছে বাদানুবাদ। উল্টো পক্ষ থেকে প্রশ্ন উঠছে, বিল পেশে এত তাড়াহুড়ো কেন? আনন্দ শর্মা বলেন, ”এই বিলে আঘাতপ্রাপ্ত হচ্ছে ভারতীয় সংবিধান।” তিনি আরও বলেন, ”কংগ্রেসের উপর দেশভাগের দায় চাপিয়ে ইতিহাসকে বিকৃত করছেন অমিত শাহ।”
প্রসঙ্গত, লোকসভায় পাশ হওয়ার পর আজ রাজ্যসভায় পেশ করা হয় নাগরিকত্ব সংশোধনী বিল। যা নিয়ে বিরোধিতায় উত্তাল উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি। প্রশ্ন উঠছে, সংসদের উচ্চকক্ষ থেকে কি বিল পাশ করিয়ে নিতে পারবে সরকার? সরকার মহল অবশ্য আত্মবিশ্বাসী। উল্লেখ্য, রাজ্যসভার মোট আসন ২৪৫। বর্তমানে রয়েছেন ২৪০ জন। ৫টি আসন ফাঁকা রয়েছে। ফলে ১২১ সদশ্যের সমর্থন পেলেই পাশ হয়ে যাবে বিল। এদিকে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ৮৩ । ফলে অতিরিক্ত ৩৮ সাংসদের সমর্থন লাগবে শাসক দলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news