চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দিল্লির করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতি সামাল দিতে শেষমেষ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। রাজ্যগুলির নিরিখে মোট সংক্রমিতের সংখ্যায় মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরেই রয়েছে দিল্লি (Delhi)। গত তিন দিন ধরে ২০০০-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন সেখানে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমিত ২২২৪ জন। মারা গিয়েছেন ৫৬ জন। মোট সংক্রমণ ৩৮,৯৫৮। মোট মৃত্যু হয়েছে ১২৭১। শুধু দিল্লিতেই কন্টেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০-এর কাছাকাছি।
এমন তথ্য পরিসংখ্যান প্রধানমন্ত্রীর সচিবালয় পৌঁছাতেই সক্রিয় হন নরেন্দ্র মোদী। রবিবার তাঁর নির্দেশেই সব মাঠে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সকালে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) ও উপরাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে বৈঠকের পরে বিকালে তিন পুরকর্তার সঙ্গে বৈঠক করেন। দিল্লির বর্তমান পরিস্থিতি আলোচনা করতে আজ সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন তিনি। কেজরীবাল সরকারের করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলা নিয়ে কেন্দ্রীয় সরকার যে সন্তুষ্ট নয়, তা অমিত শাহের এদিন আসরে নামায় স্পষ্ট হয়েছে।
প্রতি দিন দিন গড়ে পাঁচ হাজারের কাছাকাছি পরীক্ষা হচ্ছে বলে গত সপ্তাহে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল দিল্লি সরকার। কিন্তু, কেন্দ্রীয় সরকার পুরোপুরি দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়া সেই সংখ্যা দু’দিনের মধ্যে বাড়িয়ে দ্বিগুণ ও ছ’দিনের মধ্যে তিন গুণ করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রেল মন্ত্রণালয় জানিয়েছে, ৫০০ কামরা দিয়ে সাহায্য করবে রেল। এই সব কামরার বেশির ভাগটাই রাখা থাকবে দিল্লির আনন্দবিহার স্টেশনে। অমিত শাহ জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে এক সঙ্গে আট হাজার শয্যা বাড়বে। রেলের ৫৪টি আইসোলেশন কোচ ইতিমধ্যেই দিল্লির শকুরবস্তি রক্ষণাবেক্ষণ ডিপোয় এসে গিয়েছে। ছতরপুরের রাধাস্বামী সৎসঙ্গ বিয়াস ক্যাম্পাসে ১০ হাজার করোনা রোগীর থাকার ব্যবস্থা করা হয়েছে। রবিবার বৈঠক শেষে সেখানকার পরিকাঠামো দেখতে যান দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজল।
পাশাপাশি, অমিত শাহ বলেছেন, ‘‘কিছু দিনের মধ্যেই ভোট কেন্দ্রগুলিতে সংক্রমণ পরীক্ষার ব্যবস্থা চালু হয়ে যাবে। সংক্রমিতের সংস্পর্শে কারা এসেছিলেন, তাঁদের চিহ্নিতকরণে বিশেষ জোর দিয়ে এক সপ্তাহের মধ্যেই ওই সমীক্ষা সেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ আগামী দিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, এইমস, দিল্লি স্বাস্থ্য বিভাগ ও তিন পুর নিগমের প্রতিনিধিদের নিয়ে গড়া চারটি পৃথক ভাবে দল দিল্লির প্রতিটি হাসপাতাল ঘুরে সেখানকার পরিকাঠামো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একটি রিপোর্ট দেবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news