চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের গালওয়ান উপত্যকায় পিপলস লিবারেশন আর্মির অতর্কিত হামলায় নিহত জওয়ানদের বলিদান ব্যর্থ হতে দেবেন না বলে হুঙ্কার দিলেন ভারতের বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া। শনিবার হায়দরাবাদের এক বায়ুসেনা অ্যাকাডেমিতে প্যারেডে অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন তিনি। বায়ুসেনা প্রধান বলেছেন, “লাদাখে ওই কঠিন পরিস্থিতিতে আমাদের জওয়ানরা যে বীরত্ব দেখিয়েছেন তা থেকেই দেশমাতার প্রতি তাঁদের আত্মত্যাগের প্রমাণ পাওয়া গিয়েছে। আমি পরিষ্কার করে দিতে চাই, যে কোনও পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য আমাদের বায়ুসেনা তৈরি রয়েছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা এর জবাব দেব। গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের বলিদান ব্যর্থ হতে দেব না।”
ভারতীয় বায়ুসেনার (India Airforce) প্রধান বলেছেন, “আমাদের দেশের সীমান্ত সুরক্ষার জন্য সেনাবাহিনীর যে জওয়ানরা মোতায়েন রয়েছেন তাঁরা প্রতি মুহূর্তে সজাগ ও প্রস্তুত রয়েছেন। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এসে চিনা সেনা যে হামলা করেছিল, তার যেভাবে জবাব দেওয়া হয়েছে তা থেকেই এটা প্রমাণিত যে খুব কম সময়ের মধ্যেও আমাদের সেনা কী করতে পারে।” তিনি আরও বলেন, “সেনার উচ্চপর্যায়ের বৈঠকের পরেও যেভাবে চিনা সেনা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারপরেও সীমান্তে আমরা আলাপ আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখারই পক্ষপাতি। কিন্তু দরকার হলে জবাব দিতে আমরা তৈরি।”
প্রসঙ্গত, ১৫ জুন গালওয়ান ঘাঁটিতে ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষে ভারতীয় জওয়ানদের মৃত্যুর ঘটনার পর উত্তেজনার পরিস্থিতি সীমান্তে। ভারতীয় গোয়েন্দাবাহিনী সূত্রে খবর। লাদাখের কাছে চিনের পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army) প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করেছে। তৈরি রয়েছে তাদের যুদ্ধবিমানও। একথা জানার পরেই প্রস্তুতি শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার হতে থাকা তিনটি প্রধান অস্ত্র সুখোই-৩০ এমকেআই, মিরাজ ২০০০ ও জ্যাগুয়ার যুদ্ধবিমানকে তৈরি রাখা হয়েছে। তাদের এমন জায়গায় রাখা হয়েছে, যাতে দরকার পরলে দ্রুত হামলা চালাতে পারে তারা। চিঠির জন্য বায়ুসেনাকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন এয়ার চিফ মার্শল ভাদোড়িয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news