নীল রায়।
‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (AIMIM) বা ‘মিম’-এর রাজ্য কমিটি গঠন সম্পন্ন হয়ে যাবে চলতি মাসের শেষে। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। প্রতিবেশী রাজ্য বিহারের কিষানগঞ্জ উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহ দেখাচ্ছে হায়দ্রাবাদের এই দলটি। গত বছরের শেষ কয়েক মাস এরাজ্যে সংগঠন গোপনে বৃদ্ধি করেছে তারা। এবার তাদের লক্ষ্য সংগঠন বাড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।
সেই লক্ষ্যেই তারা রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি জেলা ভিত্তিক সংগঠনকে চূড়ান্ত রূপ দিতে উদ্যোগী হয়েছে তারা। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মিমের নেতা ইমরান সোলাঙ্কি জানিয়েছেন, আমাদের দলের সদস্য সংখ্যা যথেষ্ট। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি এখনও তৈরি হয়নি। তবে আশা করছি চলতি মাসের শেষে সব কমিটি তৈরি হয়ে যাবে। তাদের মূল টার্গেট যে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট তার একবাক্যে স্বীকার করেছেন এই ‘মিম’ নেতা।
রাজ্য কমিটি গঠনের পর আগামী ফেব্রুয়ারি মাসে আসাউদ্দিন ওয়াইসিকে (Asauddin Owaisi) এনে এরাজ্যে সভা করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে ব্রিগেডের সভা করার যে কথা সংবাদমাধ্যমে আলোচনা হয়েছিল। তা অবশ্য পুরোপুরি খারিজ করে দিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news