ঈশানিকা ভোরাই
ভোট নিরাপত্তায় শেষ পর্যন্ত সেই হাত পাততেই হল রাজ্য সরকারকে। তবে কেন্দ্রীয় সরকারের কাছে নয়, বাহিনী চেয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি গেল অসম, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও পঞ্জাবের কাছে। এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার জানান হয়েছিল, পঞ্চায়েত ভোটে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের বাহিনীই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট। ফলে কিছুটা ব্যাকফুটে চলে যায় সরকার। কারণ একদিনে ভোট হলে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা যে এই ৫৮/৫৯ হাজার পুলিশ কর্মী দিয়ে সম্ভব হবে না এবং সে ক্ষেত্রে কোর্ট যদি কেন্দ্রীয় বাহিনীর সুপারিশ করে তাহলে নাককাটা যেত পারে রাজ্যের। তাই শুক্রবারই রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক সম্মেলন করে জানান বাইরে রাজ্য থেকে বাহিনী আনার বিষয়ে কথাবার্তা চলছে। সেই মোতাবেক শনিবার এই পাঁচ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখে বাহিনীর আবেদন জানিয়েছে রাজ্য। কোনও রাজ্যের ভোটে সেই রাজ্য কেন্দ্রীয় বাহিনী নেবে না অন্য রাজ্যের বাহিনী ব্যবহার করবে, সেটা একান্তই রাজ্যের নিজস্ব সিদ্ধান্ত। দুটো ক্ষেত্রেই বাহিনীর আসা-যাওয়া, থাকা-খাওয়া এমনকি ওই কদিনের জন্য ডি এ-র ব্যবস্থা করতে হয় সংশ্লিষ্ট রাজ্যকেই। কিন্তু প্রশ্ন উঠছে পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরার কাছে বাহিনী না চেয়ে বা কেন্দ্রের কাছে বাহিনী না চেয়ে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ বা পঞ্জাবের কাছে কেন বাহিনী চাইল রাজ্য ! সূত্রের খবর, কেন্দ্রের মতো বিহার, ঝাড়খণ্ড ত্রিপুরাতেও বিজেপি সরকার। ফলে বিজেপি ছোঁয়াচ বাঁচাতে (অবশ্য অসমেও বিজেপি সরকার) অ-বিজেপি রাজ্যগুলোর কাছে হাত পাতল রাজ্য।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news