চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পরিযায়ী শ্রমিকদের জন্য ‘গরিব কল্যাণ রোজগার যোজনা’ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছার অভাবেই সেই প্রকল্প রাজ্যে চালু করা যায়নি। ৫০ হাজার কোটি টাকার এই প্রকল্প বাংলায় চালু করতে এবার একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) একযোগে চিঠি দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। রবিবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে বহরমপুরের সাংসদ লিখেছেন, “লকডাউনের কারণে লক্ষ লক্ষ পরিশ্রমিক কাজ হারিয়ে নিজের গ্রামে ফিরে এসেছেন। তখন থেকেই তাঁরা নিরীহ, বেকার, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম প্রধান রাজ্য। যেখানে বিরাট সংখ্যায় শ্রমিক বাস করেন। আমি এটা দেখে অবাক হয়ে গিয়েছি যে পশ্চিমবঙ্গের একটি জেলাকেও গরীব কল্যাণ রোজগার যোজনা অন্তর্ভুক্ত করা হয়নি।” এমন কথা বলে প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে অনুরোধ করেছেন অধীর ।
সোমবার একই ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখেছেন বহরমপুর সাংসদ। তিনি লিখেছেন, “আমি প্রস্তাব দিচ্ছি, আপনি পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে যুক্ত করার জন্য কেন্দ্রের ওপর চাপ তৈরি করুন। যত দ্রুত সম্ভব রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত করতে হবে। তাদের প্রতি বড় রকমের অবিচার করা হবে।” তিনি আরও লিখেছেন, “আপনি বলেছিলেন লকডাউনের কারণে দশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। কিন্তু, দেখতে পেলাম রাজ্যের একটি জেলার পরিযায়ী শ্রমিকরা এই জীবিকার নিশ্চিত প্রকল্পে স্থান পেল না। সবাই জানে বাংলার পরিচয় শ্রমিকরা কিরকম দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে।”
গরিব কল্যাণ রোজগার যোজনা (Garib Kalyan Rojgar Yojna) প্রকল্পে পশ্চিমবঙ্গের বাদ পড়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছিলেন, কত সংখ্যায় পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে পশ্চিমবঙ্গের ফিরে এসেছেন তার কোনও হিসাব দিতে পারেনি রাজ্য সরকার। তাই এই প্রকল্পে শামিল করা যায়নি পশ্চিমবঙ্গকে। প্রসঙ্গত, গরীব কল্যাণ রোজগার যোজনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার আগ্রহ না দেখানোয়, মুখ ফিরিয়ে নিয়েছে দিল্লি। এর আগে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। সেবার রাজ্য সরকারের যুক্তি ছিল, যেহেতু আয়ুষ্মান ভারতের আগে থেকেই পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী প্রকল্পের সূচনা হয়ে গিয়েছে। তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের চালুর কোনও যৌক্তিকতা নেই পশ্চিমবঙ্গে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news