চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
কংগ্রেস রাজনীতিতে ধীরে ধীরে চাপে পড়তে শুরু করেছেন লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সেই চাপ আরও বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্রের মৃত্যুর পর। বর্তমানে কংগ্রেসের লোকসভার দলনেতা পদে রয়েছেন বহরমপুরের সাংসদ। ওই আসন থেকে পরপর পাঁচবার নির্বাচিত হন তিনি। সেই সুবাদে গত লোকসভা নির্বাচনের পর তাঁকে দলনেতা করেন সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। কিন্তু, সম্প্রতি কংগ্রেসের দক্ষিণী লবি চাপ বাড়িয়েছে এআইসিসিতে (AICC)। বিশেষ করে এই কেরলের কংগ্রেস নেতারা চাইছে লোকসভার দলনেতার আসনটি ছেড়ে দেওয়া হোক তাদের। কারণ, এই রাজ্য থেকেই সবচেয়ে বেশি সাংসদ রয়েছে কংগ্রেসের। রাজ্য থেকে নির্বাচিত ১৫ জন কংগ্রেস সাংসদের মধ্যে রয়েছেন রাহুল গাঁধীও (Rahul Gandhi)। তাদের আরও দাবি, পশ্চিমবঙ্গ থেকে মাত্র দুটি আসন জিতেছে কংগ্রেস। ভোট শতাংশ প্রায় ৮ শতাংশ মাত্র। তাই এমন একটি রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদকে কখনওই দলনেতার পদ দেওয়া উচিত নয়।
সূত্রের খবর, এআইসিসি-তে তাদের দাবি জোরালো হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের গোপালের হাত ধরে। কেরলের এই কংগ্রেস নেতা সম্প্রতি রাজস্থান থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় এসেছেন। তাঁকে ভিত্তি করেই কেরল কংগ্রেস এআইসিসিতে নিজেদের দাবিদারি পেশ করছে। সোমেন মিত্র (Somen Mitra) মারা যাবার পর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গৌরব গগৈকে কংগ্রেসের দক্ষিণের নেতারা বলেছেন, তিনি যেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরীর নাম প্রস্তাব করেন সোনিয়া ও রাহুল গাঁধীর সামনে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হলে অধীর চৌধুরীকে ছাড়তে হবে লোকসভার দলনেতার পদ।
ইতিমধ্যে এমন আলোচনার কথা পৌঁছে গিয়েছে অধীর চৌধুরীর কানেও। সূত্রের খবর, লোকসভার দলনেতার পদ ছেড়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে নারাজ অধীর। যদিও, শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাঁকে সভাপতির পদ নিতেই হয়, তাহলে লোকসভার দলনেতার পদটিও ধরে রাখার পক্ষপাতী তিনি। কিন্তু, বহরমপুরের সাংসদ ভালোই জানেন একসঙ্গে দুটি দায়িত্ব তাঁর হাতে রাখবে না এআইসিসি। কারণ, লোকসভার দলনেতা হওয়ার পাশাপাশি, তিনি পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান। তাই একসঙ্গে এতগুলো দায়িত্ব অধীর চৌধুরীর হাতে থাকবে না স্বাভাবিক নিয়মেই। তাই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি চাইছেন বর্তমানে তাঁর কোনও নির্ভরযোগ্য অনুগামীকে এই পদে বসাতে। সেক্ষেত্রে বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, বাঘমুনডির বিধায়ক নেপাল মাহাতোর নাম তিনি এআইসিসি-তে সুপারিশ করেছেন বলেই সূত্রের খবর।
কেরল কংগ্রেসের দাবিকে সমর্থন করে এআইসিসি-তে অধীর চৌধুরীকে লোকসভার দলনেতার পদ থেকে সরানোর দাবি করেছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। যিনি বিগত লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন। তিনিও সম্প্রতি রাজ্যসভার সদস্য হয়ে দিল্লীর রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন অশীতিপর রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কিন্তু এই এআইসিসির প্রথম পছন্দ অবশ্যই অধীর চৌধুরী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news