চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে ৩০ জুন পর্যন্ত চলবে লকডাউন (Lockdown)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ধর্মীয়স্থান ও সামাজিক অনুষ্ঠানে হাজিরার সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে বলে জানান তিনি। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে, তাঁকে লেডি তুঘলক বলে আক্রমণ করলেন কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। ঘটনাচক্রে, যে সময় নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করলেন সেই সময় জুম অ্যাপে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বহরমপুরের সাংসদ। সাংবাদিক সম্মেলন চলাকালীনই তিনি জানতে পারেন রাজ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার কথা।
লকডাউন প্রসঙ্গে প্রতিক্রিয়ায় অধীর চৌধুরী বলেন, “৩০ জুন পর্যন্ত লকডাউন বলা হচ্ছে। সবকিছুই খুলে দেওয়া হয়েছে। সরকারী অফিসে ৭০ শতাংশ কর্মীকে হাজির থাকতে বলা হয়েছে। কলকাতা পুরসভাতেও ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ তারা কিভাবে অফিসে আসবেন ? তার জন্য কোনও পরিবহনের বন্দোবস্ত করা হয়নি।” তিনি আরও বলেন, “সরকারি দফতরে একসঙ্গে কর্মীদের কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হল। কিন্তু, তাদের বসার ক্ষেত্রে ন্যূনতম সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনও বন্দোবস্ত সরকারি দফতরগুলিতে নেই। এছাড়াও শপিং মল, ধর্মীয় স্থান সবকিছুই খুলে দিতে বলা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে বলব মহম্মদ বিন তুঘলকের মতো সিদ্ধান্ত নেওয়া ছাড়ুন।”
মুখ্যমন্ত্রীর পরিযায়ী শ্রমিকদের ফেরানো ও কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে করা দাবিকে নস্যাৎ করে দিয়েছেন বহরমপুরের পাঁচ বারের সংসদ সদস্য। তিনি বলেছেন, “কোন মন্ত্রী দাবি করেছেন বাসে ও ট্রেনে করে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরেছেন তাদের সকলের ভাড়া নাকি তিনি দিয়েছেন। চ্যালেঞ্জ করে বলতে পারি, মুর্শিদাবাদের যে শ্রমিকরা রাজ্যে ফিরেছেন তারা নিজের খরচে ফিরেছেন।” অধীর আরও বলেন, “দক্ষিণ ভারত থেকে মুর্শিদাবাদে ফিরতে এক এক জন শ্রমিকের সাত থেকে আট হাজার টাকা করে খরচ হয়ে গিয়েছে। স্ত্রীর গয়না বিক্রি করে তাঁরা রাজ্যে ফিরেছেন। ট্রেনে করে নয় বাস ও ট্রাকে করেও অনেক পরিচয় শ্রমিক পশ্চিমবঙ্গে এসেছেন। মুখ্যমন্ত্রী সেসবের খবর রাখেন না।” চ্যালেঞ্জ ছুড়ে বহরমপুরের সাংসদ বলেছেন, “মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ভাড়া দেওয়ার প্রমাণ যদি মুখ্যমন্ত্রী দিতে পারেন তাহলে আমি আমার সাংসদ পদ থেকে পদত্যাগ করব।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী বলছেন, ৩০ জুন পর্যন্ত লকডাউন যেমন চলছিল তেমন চলবে। তবে ভিনরাজ্য থেকে শ্রমিকদের ফেরানোর কাজও চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news