চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বসিরহাটের কংগ্রেস (Congress) বিধায়ক দল তৃণমূলে যোগ দিতেই পাল্টা আক্রমণ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry)। বললেন, “তৃণমূল খুব শীঘ্রই তাসের ঘরের মতো ভেঙে পড়বে।” শনিবার দুপুরে তৃণমূল ভবনে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম সহ জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষদের উপস্থিতিতে জোড়া ফুলের তেরঙ্গা পতাকা তুলে নেন বাদুড়িয়া কংগ্রেস বিধায়ক কাজী আবদুর রহিম। তিনি বসিরহাটের গাঁধী বলে পরিচিত প্রয়াত কংগ্রেস নেতা কাজী আবদুল গফফরের পুত্র। তাঁর দল খবর পাওয়ার পরেই এক লিখিত বিবৃতি প্রকাশ করেন অধীর।

লিখিত বিবৃতিতে কংগ্রেসের লোকসভা দলনেতা বলেছেন, “বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক গত ছ’মাস ধরে তৃণমূলে যোগদান করবেন কি করবেন না সেই ভাবনায় ব্যস্ত ছিলেন। তার জেলার তৃণমূল মন্ত্রী অনেক অফার দিয়েছেন আমরা জানি। আমাদের কাছে খবর ছিল, বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে আমাদের সকলের শ্রদ্ধেয় বসিরহাটের গাঁধী গফফর সাহেবের ছেলের, কংগ্রেস দল ছেড়ে ধান্দার জন্য পলায়ন অনৈতিক হবে। ওনার মনে হয়েছে তৃণমূল পার্টির এই পড়ন্ত বেলায় যোগদান করলে কিছু লাভ হতে পারে।” তিনি আরও বলেন, “যাই হোক, বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক নতুন করে নির্বাচিত করবো আমরা। বাংলার ‘দিদি’ , আপনি মনে করতে পারেন কংগ্রেস দল ভাঙ্গালাম, বিরাট কিছু করে ফেললাম। চোরা-শিকারির মত দল ভাঙিয়ে বিশেষ করে মুসলিম বিধায়ক ভাঙিয়ে আপনি অলিম্পিক চ্যাম্পিয়ন হবেন, কিন্তু মনে রাখবেন সাপুড়ে কে সাপের কামড়েই মরতে হয়।”
এরপরেই তাৎপর্যপূর্ণভাবে বহরমপুরের পাঁচবারের সাংসদ বলেছেন, “খুব তাড়াতাড়িই আপনি দেখবেন তাসের ঘরের মত আপনার পার্টি ভোটের আগেই কেমন ভেঙে পড়ছে, মিলিয়ে নেবেন ‘দিদি’। যে দল ভাঙানোর খেলা আপনি বাংলায় শুরু করেছিলেন সে খেলাতেই তৃণমূল পার্টি খতম হবে, আমি অধীর চৌধুরী বললাম।” ২০১৬ সালের ২১ জুলাই দিয়ে বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য্যকে দিয়ে কংগ্রেসের ভাঙ্গন শুরু করেছিল তৃণমূল। এদিন কাজী আবদুর রহিমকে দিয়ে সেই আরও বাড়লো। গত সাড়ে চার বছরে করে কুড়ি জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news