চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী। সূত্রের খবর, রুজিরা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কীভাবে তিনি কোভিড আক্রান্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পরিবারের কোনও সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। ভবানীপুরের বাড়িতেই পরিবারের সঙ্গে থাকেন তিনি। রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) করোনা ভাইরাসের সংক্রমনের আক্রান্ত হলেও, পরিবারের আর কারো আক্রান্ত হওয়ার খবর জানা যায়নি। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের শুরু থেকেই ভবানীপুর ও কালীঘাট এলাকায় এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে ব্যাপকভাবে। কিভাবে তা মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

শুধু রুজিরা বন্দ্যোপাধ্যায়ই নয়, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে যুক্ত বেশকিছু নেতা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। একই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। যিনি আবার নিয়মিত নবান্নের দফতর বসেই কাজ করেন। এছাড়াও এই মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরী ও তাঁর স্ত্রী। সম্প্রতি দীপ্তাংশু দুর্গাপুরে গিয়েছিলেন, এসবিএসটিসি-র (SBSTC) কাজে তাঁকে দুর্গাপুর যেতে হয়েছিল। সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন বলে জানা গিয়েছে। কারণ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তথা প্রয়াত ফলতার বিধায়ক তমোনাশ ঘোষও দুর্গাপুরে করোনায় আক্রান্ত হয়েছিলেন। চলতি বছর ২৪ জুন মৃত্যু হয় তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news