নীল রায়।
শহরে এলেন ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার মার্কোস মার্টিন। এই স্প্যানিশ স্ট্রাইকার মাদ্রিদ, দিল্লি হয়ে কলকাতায় পা রাখলেন। দীর্ঘ বিমানযাত্রায় বেশ ক্লান্ত তিনি। প্রথম প্রতিক্রিয়ায় মার্কোস বলেন, “২৪ ঘণ্টা বিমানযাত্রা করেছি, তাই বেশ ক্লান্ত লাগছে।” বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে বেশ কিছু লালহলুদ সমর্থক উপস্থিত ছিলেন। এই নিয়ে নতুন এই বিদেশি বলছিলেন, “আমি জানি ইস্টবেঙ্গল সমন্ধে। খুবই ঐতিহাসিক ক্লাব, ঐতিহ্য আছে। উন্মাদনা জানি। তবে আগে অনুশীলনে নামি। তারপর ভাল বুঝতে পারব।” কোচ আলেসান্দ্রো পরামর্শেই মার্কোসকে দলে নিয়েছে কোয়েস কর্তৃপক্ষ।
চলতি মরশুমের শুরু থেকে বিদ্যাসাগর সিং দলকে ভরসা যোগাচ্ছেন। দলের প্রয়োজনে গোল করে যাচ্ছেন। কিন্তু তাঁর একার ওপর তো রোজ রোজ নির্ভর করা যাবে না।ণ ইতিমধ্যে কলকাতা লিগের জর্জ টেলিগ্রাফ ম্যাচ স্ট্রাইকারের অভাবেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তাই একজন বিদেশি স্ট্রাইকারের প্রয়োজন হয়ে পড়েছিল। গত মরসুমের সফল স্ট্রাইকার জুটি জবি জাস্টিন ও এনরিকে এসকুইদাকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় কিছুদিন ধরেই বিদেশি স্ট্রাইকার সমস্যায় ভুগছিল ইস্টবেঙ্গল।
এই স্প্যানিশ স্ট্রাইকারের অবশ্য অনেক দিন ধরেই আসার কথা চলছিল। কিন্তু কাগজপত্র সংক্রান্ত কিছু সমস্যার কারণে দেরি হয়েছে। আগস্টের মাঝামাঝি আসবেন বলে জানা গিয়েছিল। সেইমত রবিবারের বিকালে শহরে চলে এলেন তিনি। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার লা সালেতে ইউথ ক্যারিয়ার শুরু করলেও, ২০০৪ সালে পেশাদার ফুটবলে আসেন। স্পেনের সেগুন্ডা বি ডিভিশনের বিভিন্ন ক্লাব ছাড়াও তিনি খেলেছেন হংকংয়ের ক্লাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news