চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার কলকাতার প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু হল এক বন্দীর। মঙ্গলবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজে ওই বন্দীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই বন্দির নাম তুষার দাস। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে জেলের হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর শরীরে নভেল করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি তাঁকে পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই করোনা রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তুষার দাসকে লাইফ সাপোর্ট দিতে হয়। তবে চিকিৎসা চলাকালীন সোমাবারই তাঁর মৃত্যু হয়। তুষারের লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও সেই রিপোর্ট হাতে আসেনি চিকিৎসকদের। আর এখান থেকেই জন্ম নিয়েছে নতুন উদ্বেগের।
যদিও, ওই ব্যক্তি করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন কিনা তা অনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। করোনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই ওই বন্দীর মৃত্যু হয় বলে মেডিকেল কলেজ সূত্রে খবর। তাই তাঁর মৃত্যু যে কোভিড আক্রান্ত হয়েই হয়েছে, তা স্বীকার করতে নারাজ প্রশাসন। কিন্তু, এমন মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনিক স্তরে উদ্বেগ বেড়েছে বলে মনে করা হচ্ছে। ওই ব্যক্তির যে করোনার উপসর্গ ছিল তা অবশ্য নিশ্চিত ভাবে জানতে পেরেছে জেল কর্তৃপক্ষ। সেই কারণেই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ওই বন্দীর মৃত্যু ঘিরে জেলের অন্দরেও প্রবল উদ্বেগ ছড়িয়েছে। বিশেষজ্ঞদের দাবি, ওই বন্দীর রিপোর্ট পজিটিভ এলে এবার জেলের অন্দরেও করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রবল। যদিও, এখনও এব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
রাজ্য সরকারের তরফেও এব্যাপারে বিশদে কিছু জানানো হয়নি। এমনকী প্রেসিডেন্সি জেলের ওই বন্দি সত্যিই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়ছেন কিনা সেব্যাপারে স্পষ্ট কোনও তথ্য এখনও পাওয়া যায়নি বলেই দাবি করেছে জেল কর্তৃপক্ষ। কিভাবে ওই বন্দির শরীরে কোন ভাইরাসের সংক্রমণ এল তা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে জেল কর্তৃপক্ষ। কারণ, এর আগে প্রেসিডেন্সি জেলে কারো শরীরে কোন ভাইরাসের জীবাণু মেলেনি। এমতাবস্থায় ওই বন্দীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোন ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news