চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মেয়াদ শেষের পর কলকাতা কর্পোরেশনের প্রশাসক পদে ফিরহাদ হাকিমকে বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Kolkata Municipal Corporation) পিটিশন দায়ের করলেন এক আইনজীবী। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বিদায় নেওয়া ফিরহাদ হাকিম প্রশাসক হিসেবে নিয়োগ করে ১৪ জনের একটি বোর্ড গঠন করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবী শরদ কুমার সিং কলকাতা হাইকোর্টের একটি পিটিশন দায়ের করেছেন। সেই পিটিশনে বলা হয়েছে, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে মেয়াদ শেষের পর কোনও প্রশাসক বসানো বিধান নেই। কিভাবে রাজ্য সরকার একজন রাজনৈতিক ব্যক্তিকে কলকাতা পুর নিগমের প্রশাসন পদে বসাতে পারে ?
সঙ্গে আরও বলা হয়েছে, রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিজেকেই কিভাবে প্রশাসক পদে নিয়োগ করতে পারেন ? প্রসঙ্গত, বৃহস্পতিবার নির্বাচিত পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামী শুক্রবার থেকেই কাজ শুরু করবে ফিরহাদ হাকিম নেতৃত্বাধীন প্রশাসক বোর্ড। তার আগে এই ধরনের ঘটনাটি চাপে রাখবে কলকাতা কর্পোরেশনের প্রশাসনকে। শরদ কুমার সিংয়ের ওই পিটিশনে বলা হয়েছে, যদি রাজ্য সরকারকে প্রশাসক নিয়োগ করতেই হয়। তাহলে তিনি হবেন একজন সরকারি আধিকারিক, কোনও রাজনৈতিক ব্যক্তি নয়। কোন ক্ষমতাবলে এবং কোন আইনের ধারা ফিরহাদ হাকিমকে কলকাতা পৌরনিগমের প্রশাসন হিসেবে নিয়োগ করা হয়েছে ?
শুক্রবার থেকে কলকাতা কর্পোরেশন পরিচালনা করবে ১৪ জনের প্রশাসনিক বোর্ড। এই বোর্ডের মাথায় থাকবেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt.) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, কলকাতা পুর নিগমের বোর্ডের বাকি সদস্য হিসেবে থাকবেন বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ মেয়র পারিষদরা। তাঁরা হলেন দেবব্রত মজুমদার, দেবাশীষ কুমার, মনজর ইকবাল, শামসুজ্জামান আনসারি, তারক সিং, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়, স্বপন সমাদ্দার, আমিরুদ্দিন, রত্না দে, রাম পেয়ারি রাম, অভিজিৎ মুখোপাধ্যায় এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়। যদিও কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সংবিধানের ২১৬ (ইউ) ও কলকাতা কর্পোরেশনের ১৯৮০ সালের ৬৩৪ ধারায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news