চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital) রহস্যজনক মৃত্যু হল বছর ২৫-এর এক তরুণী চিকিৎসকের। নিহত ওই চিকিৎসকের নাম পৌলমী সাহা। তিনি স্নাতকোত্তর পাঠক্রমের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বর্তমানে আরজি কর হাসপাতালে শিশু রোগ বিভাগে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, বেলা ১১টা নাগাদ হঠাৎই ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ পান হাসপাতাল চত্বরে থাকা কর্মীরা। আওয়াজ পেয়ে ছুটে আসেন হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মীরাও। এসে পৌলমীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান জরুরি বিভাগের সামনে মাটিতে। সঙ্গে সঙ্গে তাঁকে জরুরী বিভাগে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ সন্দেহে বা উপসর্গ নিয়ে যে রোগীরা আসবেন তাঁদের প্রাথমিক ভাবে চিকিৎসা করার জন্য যে ফিভার ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকের দায়িত্বেই ছিলেন তরুণী। এই বিষয়টিই কি কোনও ভাবে মানসিক চাপ তৈরি করল তাঁর ওপর? নাকি অন্য কোনও কারণে এই মৃত্যু। এখনও কেউই নিশ্চিত নন এ ব্যাপারে। আত্মহত্যা বলে খবর রটলেও কোনও সুইসাইড নোট পাওয়া গেছে বলে এখনও জানা যায় নি। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news