নীল রায়
কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। তৃণমূলের তরফে মুকুলের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।কিন্তু রবিবার দুপুরে আচমকাই টুইট করে একদা সতীর্থের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করে পাল্টা জবাব দিতে ছাড়লেন না একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিন টুইট করে মুকুল লেখেন, “তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মৃত্যুতে তার পরিবার পরিজনদের অন্তরের অন্তস্থল থেকে সমবেদনা জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি করছি। এই ঘটনায় একজনও বিজেপি কর্মী যুক্ত নয়। এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অন্তকলহের ফসল। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।” ঘটনাচক্রে, শনিবার রাতে সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পরেই প্রাথমিক প্রতিক্রিয়াতেই গৌরী শঙ্কর দত্ত নিশানা করেছিলেন মুকুল রায়কে। যদিও এই অভিযোগ শোনা মাত্রই খারিজ করে দেন মুকুল। ঘটনায় দুই বিজেপি কর্মীকেও আটক করা হয়েছে বলে জেনেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এখন তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় গেরুয়া শিবিরের ঘাড়ে দায় চাপাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তেমনই বিজেপির এই খুনের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কথাই বারবার তুলে ধরছে। বিধায়ক খুনের ঘটনায় তৃণমূল নেতৃত্ব কেন আচমকা মুকুল রায়কে অভিযুক্ত কেন? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই নদীয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন মুকুল রায়। দীর্ঘ প্রায় ১৫ বছর পর্যবেক্ষকের দায়িত্ব পালন করার পর সেই দায়িত্ব চলে যায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাতে। বর্তমানে সেই পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পর্যবেক্ষক থাকাকালীন নদীয়া জেলার পঞ্চায়েত,বিধানসভা, লোকসভা ভোটে প্রার্থী চয়নের ক্ষেত্রে মুকুলবাবুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বা বলা যায় নিজের জেলা উত্তর ২৪ পরগনার থেকেও, নদীয়া জেলাকে হাতের তালুর মতো চেনেন মুকুল। তা অজানা নয় রাজ্য তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে নদীয়া জেলার তৃণমূল নেতাদের। আর লোকসভা ভোটে তার ওপরেই বাজি রেখে এগোচ্ছে গেরুয়া শিবির। এমতাবস্থায় মুকুল রায় যাতে লোকসভা ভোটে পদ্ম শিবিরের হয়ে ঘুটি সাজাতে না পারেন সেই লক্ষ্যই তাকে বিধায়ক খুনের মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন মুকুল ঘনিষ্ঠরা। কিন্তু ঝানু রাজনীতিক মুকুল রায় বাংলা শাসক দলের সেই কৌশল কাজ করে নিজের লক্ষ্যে অবিচল বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news