চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়াতেই একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কমপক্ষে ১৬ জন। মঙ্গলবার স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিনে দেখা যায় গোটা রাজ্যে সংক্রমিত হয়েছেন সংখ্যা প্রায় চারশো! গত ২৪ ঘণ্টায় ৩৯৬ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ভবনের খবর, কলকাতার ১১৬ জনের মধ্যে অন্তত ১৮ জন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের (Harish Chatterjee Street) বাসিন্দা। ওই ১৮ জনের মধ্যে সাত জন মহিলা এবং ১১ জন পুরুষ রয়েছেন। আর এই ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনে। সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে, লকডাউন তুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের কি ধরনের সংক্রমণের মোকাবিলায় ক্ষতি হল ? তবে এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ প্রশাসনের কর্তাব্যক্তিরা। মুখ খুলে অযথা মুখ্যমন্ত্রীর রোষানলে পড়তে নারাজ প্রশাসনের কেউই।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় প্রথম করোনা সংক্রমনের ঘটনা ঘটে দু সপ্তাহ আগে। ফলতার তৃণমূল বিধায়ক তথা সংগঠনের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ করোনায় আক্রান্ত হন। দুর্গাপুরের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি জরুরী কাজে গিয়ে সেখানে কোভিড-১৯ রোগে আক্রান্ত হন এই তৃণমূল (TMC) বিধায়ক। সংক্রমনের উপসর্গ নিয়ে বাড়ি ফেরেন তিনি। দ্রুতই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিশ্চিত করে প্রশাসন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তারপর থেকে তৎপরতা বাড়িয়ে কলকাতা পুলিশ ও স্বাস্থ্য ভবন হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া শুরু করে। অযাচিত ভিড় এড়োতে ওই রাস্তা দিয়ে চলাচল আরও নিয়ন্ত্রিত করা হয়েছিল। কিন্তু তাতে ফল মেলেনি। তারপরেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের আরও তিনজন বাসিন্দার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছিল। এবার এক দিনেই ১৬ জন আক্রান্ত হয় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনিক তৎপরতা।
অন্যদিকে, পুলিশ ট্রেনিং স্কুলের অন্তত ৩৫ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ধরা পড়েছে। সপ্তাহ খানেক আগে এই পুলিশ স্কুলে বিদ্রোহের ঘটনা ঘটেছিল। পুলিশকর্মীদের দাবি ছিল, করোনা সংক্রমণ থেকে বাঁচতে কোনও বন্দোবস্ত করা হয়নি পুলিশ ট্রেনিং স্কুলে। সেই ঘটনা রুখতে সেযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ট্রেনিং স্কুলে যেতে হয়েছিল। সেই স্কুলে করোনা ভাইরাসের করালগ্রাস থাবা বসালো। এদিনই ছ’হাজারের গণ্ডি অতিক্রম করেছে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা। ৩৯৬ জন নতুন আক্রান্তের মধ্যে কলকাতায় ১১৬ জন আছেন। এর আগে মহানগরে এক দিনে শতাধিক বাসিন্দার আক্রান্ত হওয়ার নজির নেই। দ্বিতীয় উত্তর ২৪ পরগনায় ৭৪ জন, হাওড়ায় ৪৯, হুগলিতে ৩৮, কোচবিহারে ৩১।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news