নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি :
এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে মাঠে নেমে সংবর্ধনা পাশাপাশি আর্থিক সাহায্য দেবে শিলিগুড়ির সুর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ান ক্লাব তথা ২৩ নম্বর ওয়ার্ড কমিটি। “নিত্যানন্দ সাহা স্মৃতি উইনারস ও কণকলতা সাহা স্মৃতি রানার্স নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০১৮” আয়োজিত হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। টানা আটদিন ব্যাপি এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ফুটবল খেলোয়ার মনোরঞ্জন ভট্টাচার্য। এছাড়া উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটন মন্ত্রী গৌতম দেব ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। গত তিন বছর ধরে ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর মাঠে ক্লাবের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়ে চলেছে। এ বছরও একই জায়গায় টুর্নামেন্টটি হবে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর তথা সুর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ান ক্লাবের সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল। তিনি আরও জানান, গত তিন বছর ধরে যে আটটি টিম অংশগ্রহন করে আসছে সেই টিমগুলিই এবার অংশ নিচ্ছে। তবে প্রতিবছরই টুর্নামেন্টটিকে একটু একটু করে বড় আকার দেবার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। সে কারনেই নগদ পুরস্কারের রাশি এ বছর বৃদ্ধি করা হচ্ছে। কোয়ার্টার ফাইনালিস্টদের দেওয়া হবে ১০ হাজার টাকার জায়গায় ১৫ হাজার টাকা ও সেমি ফাইনালিস্টদের দেওয়া হবে ১৫ হাজার টাকার জায়গায় ২০ হাজার টাকা৷ এছাড়া বাকি পুরস্কারগুলি একই থাকবে। চাম্পিয়ান টিম পাবে ১ লক্ষ টাকা, রানাস আপ পাবে ৬০ হাজার টাকা৷ ম্যান অফ দা ম্যান ১ হাজার টাকা, ম্যান অফ দা টুর্নামেন্ট ৫ হাজার টাকা, বেস্ট গোল কিপার ৩ হাজার টাকা। এছাড়া থাকছে উইনার্স ট্রফি, রানারস আপ ট্রফি সহ অন্যান্য ট্রফি। এদিন কৃষ্ণ চন্দ্র পাল বলেন, এবছর আমরা মাঠে নেমে উত্তরবঙ্গ তথা দেশের গর্ব জলপাইগুড়ি কন্যাকে সংবর্ধনা দিতে চাই। তাই স্বপ্না বর্মন যদি সে সময় উত্তরবঙ্গে আসতে পারে তাহলে খেলার শেষ দিন ৯ সেপ্টেম্বর আমরা তাকে মাঠের মধ্যে সংবর্ধিত করব। পাশাপাশি স্বপ্নার পরিবারকেও কিছু আর্থিক সহায়তা দেবার ইচ্ছা প্রকাশ করেন তিনি। খেলা চলাকালিন স্বপ্না বর্মনকে কাছে না পেলেও পরবর্তীতে তিনি যখন জলপাইগুড়ি আসবেন তখনই তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে কৃষ্ণবাবু জানান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news