নিজস্ব প্রতিনিধি: বসন্তের আগেই এল মন খুশি করে দেওয়ার বার্তা। আগেই ঘোষিত হয়েছিল ৩০ ও ৩১ জানুয়ারি ছুটি থাকবে সরস্বতী পুজোর জন্য। এবার সেই তালিকায় আরও ১দিন যোগ হল। সেটা ২৯ জানুয়ারি। সূত্রের খবর, বন্ধের দিন ছুটি পায়নি সরকারি কর্মচারীরা।সেই ছুটির যোগ করে আরো একদিন সরস্বতী পূজোর ছুটি বাড়ানো হলো।
ওই দিন রাজ্য সরকারী কর্মচারীরা অতিরিক্ত ছুটি পাবেন। এর পাশাপাশি ১ ও ২ ফেব্রুয়ারি যথাক্রমে শনি ও রবিবার। তাই সব মিলিয়ে বুধ থেকে রবি টানা ৫দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য।
এবার সরস্বতী পুজো পড়েছে ২দিন ধরে। বুধবার ২৯ জানুয়ারি বেলা ১১টার কিছু আগে পড়ছে পঞ্চমী তিথি। বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে অবধি সেই তিথি থাকছে। তাই ২ দিন ধরেই এবার রাজ্য জুড়ে উদযাপিত হবে সরস্বতী পুজো। সেই কারণে রাজ্য সরকারও দুই দিন ছুটির কথা ঘোষণা করে দিয়েছিল আগেই।
তবে সেটা ২৯ ও ৩০ তারিখ ছিল না। ছিল ৩০ ও ৩১ জানুয়ারি। তার জেরেই জল্পনা ছড়িয়েছিল সরকারি কর্মচারীদের মধ্যে যে ২৯ জানুয়ারি কি ছুটি মিলবে না। সরস্বতী পুজোর দিন কি করতে হবে অফিস? সেই জল্পনাতেই কার্যত ইতি পড়ে গেল গণতন্ত্র দিবসে বিকালবেলায়। রাজ্যের তরফে ঘোষনা করে দেওয়া হয় ২৯ জানুয়ারি অতিরিক্ত ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
রাজ্য সরকারি কর্মচারীদের তৃণমূল প্রভাবিত সংগঠনের তরফে জানা গিয়েছে, ২০১১ সালের পর থেকে রাজ্যে বিরোধীরা যখনই বনধ ডেকেছে তখনই তাঁর তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব বনধের দিন কার্যত ছুটি পাওয়া বন্ধ হয়েই গিয়েছে সরকারি কর্মচারীদের। কিন্তু সেই ছুটি পরে অন্য কোনও ছুটির সঙ্গে জুড়ে দিয়ে ভারসাম্য বজায় রাখার অঘোষিত নীতি চালু করেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে ৮ জানুয়ারি বাম ও কংগ্রেস দেশ জুড়ে বনধ ডেকেছিল এনআরসি ও সিএএ’র প্রতিবাদে। মুখ্যমন্ত্রী নিজেও এই দুই আইন নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরুও করেছেন। কিন্তু তিনি ধর্মঘটের বিরুদ্ধেই অবস্থান নেন। তাই ৮ তারিখে বনধের কোনও ছুটি পাননি কোনও রাজ্য সরকারি কর্মচারী। মনে করা হচ্ছে সেই ছুটিটাই মুখ্যমন্ত্রী ২৯ তারিখে অতিরিক্ত ছুটি হিসাবে দিয়ে দিচ্ছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news