চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় (Debendranath Roy) আর্থিক লেনদেন সংক্রান্ত কারণেই আত্মহত্যা করেছেন। এমন তথ্য জোরালো করতে উত্তর দিনাজপুরের বরাবর বালিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের (Barabar Balia Samabay Krishi Unnyan Samity Ltd.) হিসেব-নিকেশকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস। বুধবার এক বিবৃতি প্রকাশ করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমবায় সমিতির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ও একাউন্টস বিভাগের সদস্যরা হিসেব-নিকেশ যাচাই করে বড়সড় গলদের হদিস পেয়েছে। সমবায় সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। ২০১২ সাল থেকে তিনি এই পদে ছিলেন।
তৃণমূলের (TMC) বিবৃতিতে দাবি করা হয়েছে, ওই সমবায় সমিতিতে মোট চার কোটি ৯৭ লক্ষ টাকা জমা পড়েছিল। সেখানে ২ কোটি ৩৭ লক্ষ টাকা ঋণের নথি পাওয়া গিয়েছে। কিন্তু, বাকি ২ কোটি ৬০ লক্ষ টাকার ঋণের নথিপত্রের কোনও হদিস নেই। এই লেনদেনের হিসাব কি দেবেন্দ্রনাথ আত্মহত্যার কারণ হিসেবে ইঙ্গিত করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সোমবার সকালে হেমতাবাদের বালিয়া এলাকার একটি দোকানের সামনে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় দেবেন্দ্রনাথ রায়ের। বিজেপি দাবি করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন সিপিএম (CPM) থেকে বিজেপিতে যোগ দেওয়া এই বিধায়ক। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সহ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান।
কিন্তু গোড়া থেকেই সিবিআই (CBI) তদন্তের বিরোধিতা করেছে রাজ্য সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) দাবি করেছিলেন, ঘটনায় যাবতীয় তদন্ত করবে সিআইডি। সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিধায়কের মৃত্যুকে আত্মহত্যা বলে দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব (Home Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তথা পশ্চিমবঙ্গ সরকারের দাবির কাছে নতি স্বীকার না করে দিল্লিতে বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কাছে এ বিষয়ে অভিযোগ জানায়।
এদিন বিজেপির দাবির পাল্টা দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা যে আত্মহত্যাই, সেই তত্ত্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারস্থ হয় তৃণমূল। বুধবার সকালে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে দুপাতা একটি লিখিত সনদ তুলে দেন রাষ্টপতির হাতে। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠিও রাষ্ট্রপতিকে দেন ডেরেক ও ব্রায়েন। তৃণমূলের সংসদীয় দলের পক্ষে দেওয়া চিঠিতে লেখা হয়, বিধায়কের পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের কথা। সঙ্গে দাবি করা হয় রাজ্য প্রশাসন প্রাথমিক তদন্তে জেনেছে আত্মঘাতী হয়েছেন বিজেপি বিধায়ক। বিজেপির বিরুদ্ধে অহেতুক রাজনীতি করার অভিযোগও করেছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news