নীল রায়
Exclusive
সঙ্ঘের আপত্তিতে বিজেপিতে নো-এন্ট্রি প্রাক্তন পুলিশ কর্ত্রী ভারতী ঘোষের। গত এক বছর বিজেপিতে এন্ট্রি পাওয়ার জন্য কম কাঠখড় পোড়াননি একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই আইপিএস। মুকুল রায় ও দিলীপ ঘোষ, উভয়ের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে গেরুয়া ঝান্ডা হাতে তোলা প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন ভারতী। কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের নিষেধাজ্ঞায় আর বিজেপিতে যোগদান সম্ভব হল না তাঁর। জানা গিয়েছে, পুলিশ আধিকারিক হিসেবে ভারতীর করে যাওয়া কাজের হিসেবনিকেশ কষেছে সঙ্ঘ। আর সেই হিসেবনিকেষের ফলস্বরুপ তাঁকে বিজেপিতে না নেওয়ার সিদ্ধান্ত তাদের রাজনৈতিক শাখাকে জানিয়ে দিয়েছে আরএসএস। সূত্রের খবর, বেশকিছু তৃণমূল নেতার সঙ্গে ভারতী ঘোষের আবেদন পত্র জমা পড়েছিল বিজেপিতে। সেইসব আবেদন নাগপুরেও পাঠানো হয়েছিল বিবেচনার জন্য। তৃণমূলের প্রতিনিধিদের ক্ষেত্রে সঙ্ঘের আপত্তি না থাকলেও, ভারতী ঘোষের যোগদানে নারাজ নাগপুর। সঙ্ঘ এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পর বিজেপির দায়িত্ব প্রাপ্ত নেতারাও ভারতী ঘোষকে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলেই সূত্রের খবর। প্রসঙ্গত বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখের মত জবাব দিতে চেয়েছিলেন একদা তাঁর স্নেহধন্যা ভারতী। কিন্তু আরএসএস তাঁকে দলে না নিতে চাওয়ায় বেশ বিপাকে পড়লেন তিনি। কারণ, ২০১৭ সালের ডিসেম্বর মাসে সবং বিধানসভার উপনির্বাচনে বিজেপি তথা মুকুল রায়কে গোপনে সাহায্য করার অভিযোগে ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে ব্যারাকপুর পুলিশ লাইনে বদলি করা থেকেই টিএমসি নেতৃত্বের সঙ্গে সংঘাতের সূত্রপাত। তারপর ভারতীর পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্তকে কেন্দ্র করে গোলমাল আরও বড় আকার নেয়। এরপর আআত্মগোপন করে একের পর এক অডিও পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে জেহাদের ঘোষণা করে রাজনীতিতে আসার ইঙ্গিত দেন ভারতী ঘোষ। এমন ঘটনার জেরে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে সাংবাদিক মহল থেকে প্রশ্নও করা হত, কবে বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতী ঘোষ? সে প্রশ্ন হেসে এড়িয়ে যেতেন তিনি। কিন্তু এবার আরএসএস ভারতীর বিজেপিতে যোগদানে নো-এন্ট্রির বোর্ড ঝুলিয়ে সেই প্রশ্নে যেমন ইতি টেনে দিল, তেমনই প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিল ভারতী ঘোষের ভবিষ্যতের ওপরেও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news