চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মধ্যপ্রদেশ হাতছাড়া হওয়ার পর চিন্তা বাড়িয়েছে গুজরাট (Gujrat)। এবার রাজস্থানেও সংকটে কংগ্রেসের অশোক গেহলটের সরকার। কংগ্রেসের অভিযোগ, গুজরাটের মতো রাজস্থানেও (Rajasthan) রাজ্যসভা নির্বাচনে ‘ঘোড়া কেনাবেচা’-র খেলায় নেমেছে বিজেপি । সরকার ফেলে দেওয়ার সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে তাঁরা। সরকারের পতন রোধ করতে শেষ পর্যন্ত বিধায়কদের একটি রিসর্টে সরিয়ে ফেলা হয়েছে।রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাট কংগ্রেসে (Congress) বড়সড় ভাঙন ধরেছে। ইতিমধ্যেই ৮ জন বিধায়ক পদত্যাগ করেছেন। তারপরই কংগ্রেস বিধায়কদের বিজেপির (BJP) প্রলোভন থেকে দূরে রাখতে সরিয়ে ফেলা হয়েছে রাজস্থানে।
মুখ্যমন্ত্রী অশোক গেহলট অভিযোগ করছেন, দলের বিধায়কদের ২৫-৩০ কোটি টাকার টোপ এবং পদের লোভ দেখাচ্ছে বিজেপি। এমন পরিস্থিতিতে দলের সমস্ত বিধায়কদের দিল্লি-জয়পুর হাইওয়ের ধারে ‘শিবভিলা’ নামের একটি রিসর্টে সরিয়ে ফেলা হয়েছে। রাজ্যের দুর্নীতি দমন শাখার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে তাঁরা। সরকার বাঁচাতে তড়িঘড়ি দিল্লি ছুটে গিয়েছেন এআইসিসি নেতা কে সি ভেনুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালা।
২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০৭ জন। এদের মধ্যে ৬ জন গতবছরই মায়াবতীর বিএসপি ছেড়ে কংগ্রেসের হাত ধরেছেন। নির্দল ও অন্যান্য ছোট দল মিলিয়ে আরও ১৭ জন বিধায়ক কংগ্রেসকে সমর্থন করছেন। মোট ১২৪ জন বিধায়কের সমর্থন আছে কংগ্রেসের পক্ষে। অন্যদিকে বিজেপির নিজের খাতায় রয়েছেন ৭২ জন বিধায়ক। অন্য দল ও নির্দল মিলিয়ে সংখ্যা বর্তমানে ৭৬ জন। সামনেই রাজ্যের তিন আসনের রাজ্যসভা নির্বাচন। সংখ্যার নিরিখে ২টি আসন অনায়াসেই জেতার কথা কংগ্রেসের। বাকি একটি যাবে বিজেপির দখলে। কিন্তু কংগ্রেসের আশঙ্কা, রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রলোভনে পড়ে কিছু বিধায়ক ‘ক্রস ভোটিং’ করতে পারে। ফলে ২টির বদলে একটি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে তাঁদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news