নিজস্ব প্রতিবেদন:
শেষ হইয়েও, হইল না শেষ। মহারাষ্ট্রে ফের নাটক জিইয়ে রাখলেন এনসিপি প্রধান শরদ পওয়ার! শনিবার শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে পওয়ার দাবি করেন, আজ সকালে দেবেন্দ্র ফডণবীস ও ভাইপো অজিত পওয়ারের শপথ গ্রহণের ব্যাপারে তিনি কিছুই জানতেন না।
আজ সকালে অজিত পওয়ারের নেতৃত্বে এনসিপির সমর্থনে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। তারপরেই মহারাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। শুক্রবার রাত্রি পর্যন্ত শিবসেনা, কংগ্রেস ও এনসিপির মহাজোট সরকার গড়ছে বলে চূড়ান্ত হয়ে যায়। কিন্তু তারপর হটাৎ কেন এই পরিবর্তন? এ প্রসঙ্গে শরদ পওয়ার বলেন, অজিত পওয়ার গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখত। আর সুযোগ বুঝে কিছু বিধায়ককে নিয়ে সরকার গড়তে চলে যায়। কিন্তু তার এই উদ্দেশ্য সফল হবে না। কারণ বেশিরভাগ বিধায়কই নাকি বিজেপিকে সমর্থন করেননি। এমনকি কিছু নির্দল বিধায়কও এনসিপিকে নিয়েই গড়তে চায় বলে দাবি করেন পওয়ার।
তবে শরদ পওয়ার যাই বলুক, প্রশ্ন উঠছে তাঁর নেতৃত্ব নিয়ে। রাজনৈতিক মহলের মতে, ভাইপো অজিত পওয়ার বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, এটা জেনেও আগে থেকে কেন কোনও ব্যবস্থা নেননি পওয়ার? এমনকি কিছুদিন আগে জোট সরকার গঠনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন পওয়ার। যা নিয়ে ঘরে বাইরে তুমুল সমালোচনার মধ্যে পড়েন তিনি। তাঁর অবশ্য বক্তব্য, মহারাষ্ট্রে কৃষকদের দুর্দশা নিয়ে মোদীর দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই সব কিছুকে পিছনে ফেলে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এক ধাপ এগিয়ে বলেই দেন, পওয়ারকে বিশ্বাস করাই ভুল হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news