চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
১৫ বছরের লালু-রাবড়ির শাসনকালে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে প্রধান বিরোধী দল আরজেডি নেতার এই মন্তব্যে হিন্দি বলয়ের এই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
শুক্রবার তেজস্বী বলেন, “আমরা ১৫ বছর ক্ষমতায় ছিলাম। কিন্তু আমরা তখন সরকারে ছিলাম না, আমরা ছোট ছিলাম। তবে এটা কেউ অস্বীকার করতে পারবে না যে, লালুজি সামাজিক ন্যায়বিচার করেননি। যদি আমরা এই ১৫ বছরে কোনও ভুল করে থাকি, তার জন্য আমরা ক্ষমা চাইছি।” বিধানসভা ভোটের আগে তেজস্বীর স্বীকারোক্তি থেকে বিজেপি শিবিরের মন্তব্য, তাহলে এতদিন পর তেজস্বী যাদব স্বীকার করছেন তাঁদের আমলে অনেক দুর্নীতি হয়েছিল এবং তা ভুল ছিল।
অন্যদিকে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নিজের ঘর গোছাতে ব্যস্ত তেজস্বী। বড় ভাই তেজ প্রতাপ যাদবের শ্বশুর চন্দ্রিকা রাইয়ের ঘর ভেঙে নিজের দলে আনছেন নেতা কর্মীদের। তেজস্বী বৃহস্পতিবার চন্দ্রিকা রাইয়ের বড় ভাই বিধানচন্দ্র রাইয়ের কন্যা পেশায় চিকিৎসক ক্যারিশমা রাইকে আরজেডিতে নিয়ে এসেছেন।
বর্তমানে চন্দ্রিকা রাই ও লালু প্রসাদ যাদবের পরিবারের মধ্যে ঝামেলা চলছে। ৪ জুলাই চন্দ্রিকা রাইয়ের কন্যা ঐশ্বর্য রাই এবং তেজ প্রতাপ যাদবের বিবাদ বিচ্ছেদের মামলার শুনানি রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news