চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
অযোধ্যায় ৫ আগস্ট রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি নিশ্চিত করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার অযোধ্যায় ‘ভূমি পূজা’র প্রস্তুতি দেখতে যান যোগী। সেখানেই তিনি জানান, ভূমি পূজার দিন প্রধানমন্ত্রী মোদী আসবেন অযোধ্যায়।
এদিন অযোধ্যায় গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথমে রামলালা দর্শন করেন। তারপর অযোধ্যার সাংসদ, বিধায়ক, স্থানীয় প্রশাসনের ও রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনের যোগী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় আসবেন। আমরা অযোধ্যাকে ভারত তথা বিশ্বের গর্ব করব। স্বচ্ছতাই হবে প্রথম শর্ত।” একইসঙ্গে তিনি আরও বলেন, “আমরা সকলেই একটি শুভ অনুষ্ঠানের জন্য একত্রিত হব। ৪ ও ৫ আগস্ট রাতে সমস্ত বাড়িঘর এবং মন্দিরে দ্বীপ উৎসব হবে। দীপাবলি অযোধ্যার সাথে জড়িত এবং এই উৎসবটি অযোধ্যা ছাড়া কল্পনাও করা যায় না।”
প্রসঙ্গত, রাম মন্দির নির্মাণের ভূমিপুজোয় ২০০ জনের বেশি হাইপ্রোফাইল অতিথি উপস্থিত থাকবেন। মন্দিরের কাঠামো নিয়েও ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দিরের মূল গম্বুজের উচ্চতা ১৬১ ফুট হবে। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। ৩ আগস্ট থেকে তিন দিন ধরে মহা সমারোহে ভিত্তি প্রস্তরের অনুষ্ঠান হবে। গোটা অযোধ্যা জুড়ে একাধিক সিসিটিভি স্ক্রিন বসানো হবে। প্রধানমন্ত্রী মোদীর ৪০ কেজি রুপোর ইঁট বসিয়ে ভিত্তিপ্রস্তরের সূচনা করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news