ব্রজ বন্দ্যোপাধ্যায়:
জলাশয় ভরাট করাকে ঘিরে উত্তেজনা ছড়ালো রানীগঞ্জের কাঠগাদা এলাকায়৷ আসানসোল পুরনিগমের ৯১ নম্বর ওয়ার্ড রানিগঞ্জের কাঠগাদা এলাকায় দীর্ঘদিন ধরেই মেহালাল গোড়া নামের একটি জলাশয় রয়েছে৷ সাম্প্রতিক ওই জলাশয় লাগোয়া জমি ভরাট করে বাড়ি তৈরির পরিকল্পনা করেন জমির মালিক ওম প্রকাশ রুইদাস৷ সেই লক্ষ্যে জমি সমতল করার সময় জলাশয়ের বেশ কিছুটা অংশ ভরাট করা হয় বলে অভিযোগ৷
যদিও স্থানীয়রা বেশ কয়েকদিন ধরেই জলাশয় ভরাট না করার আবেদন জানিয়ে আসছিল জমির মালিকের কাছে। স্থানীয়দের দাবি, এই জলাশয়ের ওপর দীর্ঘদিন ধরে তারা নির্ভরশীল৷ তাছাড়া পরিবেশের ভারসাম্য রাখতেও অযথা যেন জলাশয় ভরাট করা না হয়৷ কিন্তু স্থানীয়দের দাবিকে আমল না দিয়ে ওম প্রকাশ বাবু বলেন, জমির কাগজ পত্রই তাদের নামে৷ সরকারি সমস্ত নিয়ম নীতি মেনেই জমি ভরাটের অধিকার তাদের রয়েছে৷ কাজে বাধা দিলে পুলিশে অভিযোগ করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

শেষ পর্যন্ত সোমবার স্থানীয়দের ধৈর্যের বাঁধ ভাঙে৷ তাঁরা সম্মিলিত ভাবে সোমবার সকালে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন। কর্মরত জেসিপির চালককে কাজ বন্ধ করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়৷ তবে গত কয়েকদিনের কাজের অগ্রগতির ফলে জলাশয়ের বেশ কিছুটা অংশ ভরাট হয়ে যায় বলে অভিযোগ৷ এরফলে স্থানীয়রা জলাশয়ের জমির মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন ওয়ার্ড কাউন্সিলর প্রতিমা মুখি৷ তিনি পরিস্থিতি খতিয়ে দেখার পর জলাশয় ও জমির মালিককে রাজ্যসরকারের নিয়ম রীতি সম্পর্কে অবগত করে বলেন, কোনোমতেই জলাশয় ভরাট করা সম্ভব নয়৷ জলাশয় ভরাট করা হলে সরকার আইন অনুসারে ব্যবস্থা নিতে বাধ্য হবে৷ জলাশয়টিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন স্থানীয়রা। শেষ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলর স্থানীয়দের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও জমির মালিকের এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news