ভাস্কর মান্না:
সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ভারতের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সবথেকে বেশি অনুদান পায় বিজেপি। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ এই দু’বছরে বিভিন্ন কর্পোরেট ও বাণিজ্যিক সংস্থা থেকে শুধুমাত্র বিজেপির পার্টি ফান্ডে এসেছে ৯১৫.৫৯ কোটি টাকারও বেশি। যা প্রধান বিরোধী কংগ্রেসের তুলনায় ১৭ গুন বেশি। এমনকি সেখানে উল্লেখ করা হয়েছে, সব রাজনৈতিক দলের মধ্যে যে পরিমান অনুদান এসেছে, তার ৯৩% অনুদান এসেছে শুধুমাত্র বিজেপিতে। এমনই একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ( এডিআর )।
ওই দু’বছরে ৬টি রাজনৈতিক দলের মোট প্রাপ্ত অনুদানের পরিমাণ ১০৫৯.২৫ কোটি টাকা। এর ৯৩ শতাংশ অর্থাৎ ৯৮৫.১৮ কোটি টাকা বিভিন্ন কর্পোরেট ও ব্যবসায়ী ক্ষেত্র থেকে এসেছে। আবার ২০১৬-১৮ এর মধ্যে বিভিন্ন কর্পোরেট ও ব্যবসায়ী ক্ষেত্র থেকে বিজেপি ও কংগ্রেস ৯৪% ও ৮১% অনুদান পেয়েছে। যেখানে সিপিআই পেয়েছে মাত্র ২% অনুদান।
এই তথ্য নির্বাচন কমিশনের হিসেবেও উঠে এসেছে। কমিশনের মতে, রাজনৈতিক দলগুলো ২০ হাজার টাকার বেশি অনুদান নিলে তা নির্বাচন কমিশনকে জানাতে হয়। সেইমতো এই সমীক্ষার রিপোর্টও উঠে এসেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news