নিজস্ব প্রতিবেদন:
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কোনও দলই সরকার গড়তে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, ক্রিকেট ও রাজনীতিতে যা কিছু ঘটতে পারে। কখনও কখনও মনে আমরা ম্যাচ হেরে যাচ্ছি। কিন্তু শেষে দেখা যায় ম্যাচের ফলাফল বিপক্ষের দিক থেকে একেবারে ঘুরে যায়।
তবে গডকড়ির এই মন্তব্য পরোক্ষে এনসিপি-কংগ্রেসকেই উদ্দেশ্য করে বলা। প্রথম বৃহত্তম দল হওয়ার পরও সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য বিজেপি সরকার গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার পরে, শিবসেনার সঙ্গে সহমতে গিয়ে সরকার গড়তে পারেনি এনসিপি ও কংগ্রেস। তার ফলেই ১৯ দিনের মাথায় মহারাষ্ট্রে ৬ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়। তবে এই সবকিছুর জন্য এনসিপি ও কংগ্রেসের সিদ্ধান্তকেই দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হলেও কেন্দ্রের পরামর্শে বিধানসভা ভেঙে দেওয়া হয়নি।
ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গডকড়ি আরও বলেন, তিনি মহারাষ্ট্রের চেয়ে দিল্লির রাজনীতির সঙ্গে অনেক বেশি করে জড়িত। তাই মহারাষ্ট্রে রাজনীতি নিয়ে আগাম কিছুই বলবেন না তিনি। একইসঙ্গে তিনি উন্নয়ন প্রসঙ্গে বলেন, রাষ্ট্রপতি শাসন জারি হলেও মহারাষ্ট্রের উন্নয়ন থেমে থাকবে না। আমার মতে কোন পার্থক্য হবে না আমাদের। গণতন্ত্রে সরকার পরিবর্তন হলেও সরকারি প্রকল্পগুলি কোন সমস্যা ছাড়াই এগিয়ে যেতে পারে। মহারাষ্ট্রে যে সরকারই আসুক না কেন, আশা রাখি চলতি ইতিবাচক উন্নয়নমূলক প্রকল্প গুলি তারা এগিয়ে নিয়ে যাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news