ভাস্কর মান্না :
দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেসব সেনা জওয়ানেরা শহীদ হয়েছেন তাঁদের স্মৃতিতে দিল্লির ইন্ডিয়া গেট চত্বরে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ তৈরি করেছে মোদি সরকার। সোমবার এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, “সেনাবাহিনীকে স্বনির্ভর করে তুলেছি আমরা। আগে এসব সিদ্ধান্ত নেওয়াই সম্ভব হত না। কিন্তু আমরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি। জওয়ানদের আত্ম বলিদানের জেরেই আজ আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী পরিণত হয়েছি।”
‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেছিলেন, “ভারতে সেনাদের জন্য কোনও ওয়ার মেমোরিয়াল নেই। দেশ রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তাদের বীরত্বকে সম্মান জানাতে এমন একটি স্মারক স্থলের প্রয়োজন ছিল এবং আমি তা করার সংকল্প নিয়েছিলাম।” কিন্তু সেনাদের জন্য এতদিন কেন এমন পদক্ষেপ নেওয়া হয়নি, সে প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, “কংগ্রেস পার্টি নিজেদের দেশের ভাগ্য বিধাতা বলে মনে করে। অথচ দেশের নিরাপত্তা নিয়ে বাধে না ওদের। দেশ নয়, এতদিন ধরে একটি মাত্র পরিবারকেই প্রাধান্য দিতে হয়েছে। তার জেরেই যুদ্ধ স্মারক তৈরিতে এত দেরি হয়েছে।”
পাশাপাশি রাফাল প্রসঙ্গ টেনে মোদী বলেন, বফর্স হোক বা চপার চুক্তি, যাবতীয় তদন্তে একটি পরিবারের নামই উঠে এসেছে বরাবর। তাই রাফাল যুদ্ধবিমান কিনতে বাধা দেওয়া হচ্ছে। আপনারাই বলুন কোনটির গুরুত্ব বেশি, দেশ না শুধুমাত্র একটা পরিবার?” মোদির এইসব বাক্য বাণ নিয়ে বিরোধীদের অভিযোগ, পুলওয়ামা হামলার জেরে দেশে অনেকে যুদ্ধ উন্মাদনায় হাওয়া দিচ্ছেন। এই সুযোগে জাতীয়তাবাদের পালে হাওয়া তুলতে শুরু করেছে বিজেপি।
উল্লেখ্য, ইন্ডিয়া গেটের সামনে ৪০ একর জমিতে তৈরি হয়েছে এই যুদ্ধ স্মারক। চারটি চক্রের আকারে বানানো হয়েছে এর দেওয়াল। আকাশ থেকে যা অনেকটা চক্রবুহের মত দেখাবে। চারটি চক্রের নাম হল অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র ও রক্ষক চক্র। চক্রের দেওয়াল গুলিতে লেখা হয়েছে ২৫ হাজার ৯৪২ জন নিহত সেনার নাম। ভারতের ইতিহাসের যেসব লড়াই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, সেগুলির উল্লেখ থাকছে দেওয়ালে। সবচেয়ে ছোট চক্রটি অর্থাৎ অমর চক্রের মাঝে রয়েছে স্তম্ভ। ইন্ডিয়া গেটের মতো এখানেও অনির্বাণ শিখা জ্বলবে কাল থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news