ভাস্কর মান্না:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার পর, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইমরানকে ভারতের বিরুদ্ধে তির্যক মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দেন। গত এক সপ্তাহে এনিয়ে ইমরানের সঙ্গে ট্রাম্পের ফোনে দু’বার কথা হল। এর আগে সোমবার ট্রাম্পের সঙ্গে মোদীর প্রায় ৩০ মিনিট কথা হয়। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক নীতি নিয়েও কথা হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, ট্রাম্প ইমরানকে বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে সংঘর্ষে যাওয়া উচিত নয়। দুই দেশের সংযম ভাবে কাজ করা উচিত বলে জানান ট্রাম্প। এছাড়া ট্রাম্প ইমরানকে আমেরিকা-পাক দুই দেশের বাণিজ্যিক ও আর্থিক ব্যাপার নিয়ে কথা বলেন।
সোমবার ট্রাম্পের সঙ্গে কথোপকথনের সময় মোদী বলেন, পাকিস্তানকে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে হবে। তবেই দুই দেশ হিংসামুক্ত পরিবেশ তৈরি করতে পারবে। এমনকি পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের শিকার আফগানিস্তান নিয়েও কথা বলেন মোদী। তিনি বলেন, একজোট, সুরক্ষিত এবং গণতান্ত্রিক আফগানিস্তান নির্মাণের জন্য বদ্ধপরিকর ভারত।
ট্রাম্পের সঙ্গে মোদীর এই কথোপকথনের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে বারবার আমেরিকার সমর্থন আদায় করতে তৎপর হয়েছে ইসলামাবাদ। এর আগে চীনের হাত ধরে কাশ্মীর নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের দোরগোড়ায় পৌঁছেছে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের বন্ধ কামরায় আলোচনার আগে নিজেদের সমর্থন আদায় করতে ট্রাম্পকে ফোন করেন কৌশলী ইমরান। কিন্তু কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয় বলে পাকিস্তানের আশায় জল ঢালল আমেরিকা। হোয়াইট হাউসের মতে, যদি পাকিস্তান কাশ্মীর নিয়ে সমাধান করতে চায়, তাহলে ভারতের সঙ্গে আলোচনায় বসুক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news