নীল রায়
জোড়া স্বস্তি বিজেপি শিবিরে! মুকুল রায়ের পর সৌমিত্র খাঁকেও গ্রেপ্তার না করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী এবং মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ৩০ মার্চ পর্যন্ত গ্রেফতার করা যাবে না সৌমিত্রকে। প্রসঙ্গত, বিষ্ণুপুর থানায় সৌমিত্রর বিরুদ্ধে প্রথম মামলা রুজু হয় ২৭ জানুয়ারি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, বেআইনি অস্ত্র রাখার। পাত্রসায়র এবং বড়জোড়া থানায়ও দুটি মামলা রুজু হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে। পাত্রসায়র থানায় অভিযোগ হয়, সৌমিত্র বেআইনি বালি খাদানের সঙ্গে যুক্ত। আর বড়জোড়া থানায় সৌমিত্রর পিসতুতো ভাই অভিযোগ করেন, স্কুল শিক্ষকের চাকরি করে দেবেন বলে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন দলত্যাগী তৃণমূল সাংসদ।তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়ার পর পরই একাধিক মামলা দায়ের হয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে। বাঁকুড়া জেলা আদালত সাংসদের আগাম জামিনের আবেদন প্রথমে খারিজ করে দিলেও হাইকোর্ট তা মঞ্জুর করেছিল। সেই জামিনের মেয়াদ বৃদ্ধি করায় স্বস্তি পেলেন সৌমিত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news