চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
রাজনীতিতে অভিষেক (Abhisek Bandyopadhyay) নাবালক না সাবালক, এই বিতর্ক যখন রাজ্য রাজনীতির চর্চায় চলছে, ঠিক তখনই তিনি এমনই একটি কাজ করে দেখালেন যা তাঁকে নিয়ে নতুন করে ভাববার অবকাশ তৈরি করল। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
মুকুল-জায়া কৃষ্ণা রায় কে হাসপাতালে দেখতে যাওয়ার পরেই অভিষেকের সৌজন্যের রাজনীতি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অনেকে দু-কদম এগিয়ে মুকুল শুভ্রাংশুর তৃণমূলে ফিরে আসার জল্পনাও শুরু করেছিলেন।
রাজনীতির রঙ্গমঞ্চে কখন কী নাটক মঞ্চস্থ হবে তা মহাকালই বলতে পারবে, তবে বৃহস্পতিবার একটি মন্তব্য করে অভিষেক বুঝিয়ে দিয়েছেন দলীয় রাজনীতির টানাপোড়েনের বাইরে তিনি ব্যক্তিগত সম্পর্কের পথেও সাবলীল হাঁটতে পারেন। তৃণমূল তো বটেই, বিজেপির অনেকেও বিষয়টি এভাবেই দেখছেন।

কী বলেছেন অভিষেক?
অভিষেক এদিন বলেন, মুকুল রায়ের স্ত্রী বলে নয়, কৃষ্ণা রায় তাঁর মাতৃসমা, এই জন্য তিনি তাঁকে দেখতে গেছিলেন।
অভিষেকের এই মন্তব্য বুঝিয়ে দিয়েছে রাজনীতির উড়ান একদিকে তাঁকে এবং অন্যদিকে মুকুল-শুভ্রাংশু কে যেখানেই নিয়ে যাক না কেন, তিনি অতীত ভোলেন নি। শৈশবে কৃষ্ণা দেবীর কাছে তিনিও যে শুভ্রাংশুর মতোই ভালবাসা পেয়েছেন, সে কথা ভোলেন নি তিনি।
অভিষেক ও শুভ্রাংশুকে যাঁরা এক সঙ্গে বড় হতে দেখেছেন, সব কিছু দেখে শুনে তাঁদের অভিমত এমনটাই।
তাহলে নাবালক-সাবালক বিতর্কের মধ্যেই নিজের উচ্চতা কি বাড়িয়ে নিলেন অভিষেক?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news